ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

পেনশন ফাইল কোন পর্যায়ে, জানা যাবে অনলাইনে

পেনশন ফাইল কোন পর্যায়ে, জানা যাবে অনলাইনে
×

পর্যালোচনা সভা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২৬ | ১৯:৪৭

অবসরপ্রাপ্তদের পেনশন আবেদন জমা দেওয়ার পর তাদের ফাইলের সর্বশেষ অগ্রগতি কোন কার্যালয়ের কোন পর্যায়ে রয়েছে, তা নিজেরাই ঘরে বসে অনলাইনে দেখতে পাবেন। পেনশন কার্যক্রম দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে সম্পাদনের লক্ষ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা সভা আজ সোমবার রাজধানীর সিএজি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মো. নূরুল ইসলামের সভাপতিত্বে এ সভায় হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) কার্যালয়, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) কার্যালয় এবং অতিরিক্ত মহাপরিচালক (অর্থ), বাংলাদেশ রেলওয়ে কার্যালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সভায় অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেমের (ওপিটিএমএস) সর্বশেষ অগ্রগতির ওপর একটি বিস্তারিত উপস্থাপনা প্রদান করা হয়। উপস্থাপনায় জানানো হয় যে, হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স এর কার্যালয় এবং অতিরিক্ত মহাপরিচালক (অর্থ) এর কার্যালয়সমূহে অবসর-উত্তর (পোস্ট-রিটায়ারমেন্ট) অটোমেশনের সফলতার ধারাবাহিকতায় এবার অবসর-পূর্ব (প্রি-রিটায়ারমেন্ট) পর্যায়ের কার্যক্রমকে ডিজিটাল ও স্বয়ংক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই লক্ষ্যেই মূলত ‘অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ (ওপিটিএমএস) প্রস্তুত করা হয়েছে।

উক্ত কার্যক্রম সফলভাবে ও অতি দ্রুত বাস্তবায়নের জন্য সিজিএ, সিজিডিএফ এবং এডিজি (অর্থ), বাংলাদেশ রেলওয়ে কার্যালয়কে এসপিএফএমএস কর্মসূচির সংশ্লিষ্ট কম্পোনেন্টের কারিগরি টিমের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সর্বাত্মক সহযোগিতা নিশ্চিতকরণের নির্দেশ প্রদান করেন সিএজি মো. নূরুল ইসলাম।

সভায় ওপিটিএমএসে সিজিএ কার্যালয়ের সুপারিশসমূহ অন্তর্ভুক্তকরণ, সিজিডিএফ এবং এডিজি (অর্থ), বাংলাদেশ রেলওয়ে এর সংশ্লিষ্ট বিজনেস প্রসেস দ্রুত প্রস্তুত ও প্রেরণ, ইএলপিসি ইস্যুর ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং সার্ভিস স্টেটমেন্ট সংক্রান্ত বিষয়ে পেনশনভোগীদের ভোগান্তি কমানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষ নির্দেশনা প্রদান করা হয়।

বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল আশা প্রকাশ করেন যে, সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগে ওপিটিএমএস দ্রুত পূর্ণাঙ্গ রূপ লাভ করবে। এর মাধ্যমে দেশের পেনশনভোগীরা অধিক স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সময়োপযোগী ডিজিটাল পেনশন সেবা লাভ করবেন। 

আরও পড়ুন

×