সোনালী পেমেন্ট গেটওয়েতে যুক্ত হলো বেসিক ব্যাংক
চুক্তি সই
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ১৮:০১
রাষ্ট্রিয় মালিকানার সোনালী ব্যাংকের নিজস্ব সফটওয়্যার ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’তে যুক্ত হয়েছে বেসিক ব্যাংক। আজ মঙ্গলবার দুই প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে চুক্তি সই হয়। এর ফলে বেসিক ব্যাংকের মাধ্যমে ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’ ব্যবহার করে যেকোনো ব্যক্তি সহজেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ফি, চার্জ, ইউটিলিটি বিল, সর্বজনীন পেনশনের কিস্তি, চালান ফি ইত্যাদি পরিশোধ করতে পারবেন।
মঙ্গলবার মতিঝিলে সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সোনালী ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো শওকত আলী খান এবং বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. কামরুজ্জামান খান চুক্তিতে সই করেন।
এ সময় অনুষ্ঠানে বেসিক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবু মো. মোফাজ্জেল ও সুভাষ চন্দ্র দাস, এফসিএ, এফসিএমএ, সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল ইসলাম, মহাব্যবস্থাপক আকলিমা ইসলাম, বেসিক ব্যাংকের মহাব্যবস্থাপক সুমিত রঞ্জন নাথসহ দুই ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- সোনালী ব্যাংক
- বেসিক ব্যাংক
