ব্যাংক খাত সংস্কারে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ০৭:২৫ | আপডেট: ২৫ জুন ২০২৬ | ১০:২৮
| প্রিন্ট সংস্করণ
বাংলাদেশের ব্যাংক খাতের ভিত্তি শক্তিশালী করতে ৪৫ কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ ঋণ অনুমোদন হয়েছে। ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষা, বাংলাদেশ ব্যাংকের তদারকি সক্ষমতা বৃদ্ধি এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক সংস্কারের লক্ষ্যে এই অর্থায়ন করা হবে।
মঙ্গলবার বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট-২-এর আওতায় এই অর্থায়ন করা হবে। প্রকল্পের মাধ্যমে আমানত সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা, ব্যাংক পুনর্গঠনের ভিত্তি তৈরি এবং আর্থিক খাতের স্থিতিশীলতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
বিশ্বব্যাংক বলেছে, দুর্বল করপোরেট সুশাসন, নিয়ন্ত্রক সংস্থার ওপর প্রভাব বিস্তার এবং স্বার্থসংশ্লিষ্ট পক্ষকে ঋণ দেওয়ার কারণে বাংলাদেশের ব্যাংক খাত দীর্ঘদিন ধরে নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। চলতি বছরের মার্চ শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের হার দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬ শতাংশ, যা দক্ষিণ এশিয়ার গড় ৭ দশমিক ৯ শতাংশের তুলনায় অনেক বেশি। অন্যদিকে ২০২৫ সালের ডিসেম্বর শেষে ব্যাংকগুলোর ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধনের অনুপাত ছিল ঋণাত্মক ২ দশমিক ৬ শতাংশ।
প্রকল্পের আওতায় আমানত সুরক্ষা তহবিলের মূলধন বাড়ানো হবে। পাশাপাশি কার্যকর জরুরি তারল্য সহায়তা-কাঠামো গড়ে তোলা, ব্যাংক পুনর্গঠন কৌশল প্রণয়ন এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক সংস্কারে সহায়তা দেওয়া হবে।
এ বিষয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেম বলেন, ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত হওয়ার লক্ষ্য অর্জনে বাংলাদেশে একটি স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক আর্থিক খাত প্রয়োজন। কিন্তু দেশের আর্থিক খাতের মোট সম্পদের প্রায় ৯০ শতাংশ ধারণকারী ব্যাংক খাত বর্তমানে চাপের মধ্যে রয়েছে।
তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষা, ব্যাংক খাতে আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা ও সুরক্ষা-কাঠামো গড়ে তোলা সম্ভব হবে। এতে ব্যাংক খাত অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
বিশ্বব্যাংক বলেছে, এ সম্পর্কিত প্রকল্পের আওতায় বাংলাদেশ ব্যাংকের তথ্য ও যোগাযোগপ্রযুক্তির অবকাঠামো আধুনিকায়ন করা হবে। এতে সাইবার নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা, আর্থিক খাতের তথ্য বিশ্লেষণ সক্ষমতা বাড়ানো এবং ঝুঁকিভিত্তিক তদারকি জোরদার করা সম্ভব হবে।
বিশ্বব্যাংকের পক্ষ থেকে প্রকল্পটির টাস্ক টিম লিডার ও সংস্থার জ্যেষ্ঠ আর্থিক খাত বিশেষজ্ঞ তোশিয়াকি ওনো বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও এশীয় উন্নয়ন ব্যাংকসহ (এডিবি) বিভিন্ন উন্নয়ন সহযোগীর সঙ্গে সমন্বিত উদ্যোগের অংশ হিসেবে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এর মাধ্যমে ব্যাংক খাতে সম্ভাব্য সংকট মোকাবিলার প্রস্তুতি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্ষমতা আরও বাড়বে।
