বাংলাদেশে ওয়াটারএইডের ৪০ বছর পূর্তি, বিশেষ লোগো উন্মোচন
ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৫ জুন ২০২৬ | ২২:৩২
বাংলাদেশে চার দশকের পথচলা পূর্ণ করেছে ওয়াটারএইড। এ উপলক্ষে বিশেষ লোগো উন্মোচনের মাধ্যমে বছরব্যাপী ৪০ বছর পূর্তি উদযাপনের আনুষ্ঠানিক সূচনা করেছে সংস্থাটি।
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের ওয়াটারএইড নেতৃবৃন্দ, বর্তমান ও সাবেক সহকর্মী এবং শুভানুধ্যায়ীরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াটারএইড দক্ষিণ এশিয়ার রিজিওনাল ডিরেক্টর ডা. খায়রুল ইসলাম, ওয়াটারএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসিন জাহান, ওয়াটারএইড নেপালের কান্ট্রি ডিরেক্টর সুদর্শন নেওপানে এবং ওয়াটারএইড পাকিস্তানের কান্ট্রি ডিরেক্টর মুহাম্মদ জুনাইদ।
ওয়াটারএইড বাংলাদেশ গত ৪০ বছর ধরে দেশের ওয়াশ (পানি, স্যানিটেশন ও হাইজিন) খাতের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রান্তিক জনগোষ্ঠী, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করে আসছে। নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যকর হাইজিন সেবার প্রসার, সেবা ব্যবস্থার প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, জনবান্ধব নীতি প্রণয়নে সহায়তা এবং অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল ওয়াশ সেবা সম্প্রসারণে সংস্থাটি ভূমিকা রেখে আসছে।
অনুষ্ঠানে ডা. খায়রুল ইসলাম বলেন, ৪০ বছর পূর্তি উদযাপন কৃতজ্ঞতা, আত্মবিশ্লেষণ ও নতুন অঙ্গীকারের একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। ওয়াটারএইড বাংলাদেশের যাত্রা গড়ে উঠেছে জনগোষ্ঠী, সহকর্মী, অংশীদার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের সম্মিলিত অবদানে। ভবিষ্যতে আরও অন্তর্ভুক্তিমূলক, জলবায়ু-সহনশীল ও নিরাপদ সমাজ গঠনে সংস্থাটি তার অঙ্গীকার আরও দৃঢ় করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
হাসিন জাহান বলেন, চার দশকের অভিজ্ঞতা প্রমাণ করেছে যে ধারাবাহিক অঙ্গীকার, আস্থাভিত্তিক অংশীদারত্ব এবং জনগোষ্ঠীকেন্দ্রিক উদ্যোগ মানুষের জীবনে দীর্ঘস্থায়ী ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। তিনি জানান, নারী, যুব ও প্রতিবন্ধী ব্যক্তিসহ প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ ওয়াটারএইড বাংলাদেশের কার্যক্রমকে আরও অন্তর্ভুক্তিমূলক ও মানবিক করেছে।
সংস্থাটি জানিয়েছে, ৪০ বছর পূর্তি উপলক্ষে বছরজুড়ে বিভিন্ন অনুষ্ঠান ও সম্পৃক্ততামূলক কার্যক্রম আয়োজন করা হবে। এসব আয়োজনের মাধ্যমে অর্জনগুলো উদযাপন, দীর্ঘদিনের অংশীদারত্বকে সম্মান জানানো এবং সবার জন্য নিরাপদ পানি, উন্নত স্যানিটেশন ও স্বাস্থ্যকর হাইজিন নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হবে।
চার দশকের এই যাত্রায় সহযোগিতা ও সমর্থনের জন্য বর্তমান ও সাবেক সহকর্মী, জনগোষ্ঠী, অংশীদার, সরকারি প্রতিষ্ঠান, দাতা সংস্থা, গণমাধ্যম এবং নাগরিক সমাজের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে ওয়াটারএইড বাংলাদেশ।
সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- ওয়াটারএইড
