লন্ডন স্টক এক্সচেঞ্জে বেক্সিমকো ফার্মার লেনদেন পুনরায় চালু
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুন ২০২৬ | ১৬:৫৬
লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত একমাত্র বাংলাদেশি কোম্পানি বেক্সিমকো ফার্মসিউটিক্যালসের গ্লোবাল ডিপোজিটরি রিসিপ্টসের ওপর লেনদেন স্থগিতাদেশ প্রত্যাহার হয়েছে। এতে করে লন্ডন স্টক এক্সচেঞ্জে গতকাল শুক্রবার থেকে কোম্পানিটির লেনদেন পুনরায় শুরু হয়েছে। ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) মধ্যস্ততায় এটা সম্ভব হয়েছে বলে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডিবিএ জানিয়েছে, বেক্সিমকো ফার্মা ২০০৪ সালে যা লন্ডন স্টক এক্সচেঞ্জে (এলএসই) তালিকাভুক্ত একমাত্র বাংলাদেশি কোম্পানি। ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী এবং পরবর্তী আর্থিক প্রতিবেদন নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশ করতে না পারায় ২ জানুয়ারি ২০২৬ থেকে কোম্পানিটির লেনদেন স্থগিত ছিল। লন্ডন স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্তি বিধিমালা অনুযায়ী, কোনো সিকিউরিটিজ টানা ছয় মাস স্থগিত থাকলে এবং স্থগিতাদেশের কারণ দূর না হলে তার তালিকাভুক্তি বাতিল হতে পারে। সে অনুযায়ী আগামী ২ জুলাইয়ের মধ্যে সমস্যা সমাধান না হলে তালিকাভুক্ত বাতিল হতে পারতো।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদেশি প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারীরা কোম্পানিটির ডি-লিস্টিং রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান বরাবর চিঠি দেয়। একই সঙ্গে তারা এ বিষয়ে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) সহযোগিতা কামনা করে। ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের নেতৃত্বে বিএসইসি এবং বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। এসব উদ্যোগের পর বিএসইসি বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদকে বিশেষ বোর্ড সভা আয়োজনের অনুমতি দেয়। এরপর ২০২৪-২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকের নিরীক্ষিত বার্ষিক আর্থিক বিবরণী এবং ২০২৫-২৬ অর্থবছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের আর্থিক বিবরণী অনুমোদন ও প্রকাশ করা সম্ভব হয়। এর মাধ্যমে কোম্পানির রিপোর্টিং সংক্রান্ত ঘাটতি দূর হয় এবং লন্ডন স্টক এক্সচেঞ্জ ট্রেডিং সাসপেনশন প্রত্যাহার করে লেনদেন পুনরায় চালুর অনুমোদন দেওয়া হয়।
ডিবিএ বিশ্বাস করে, এই সিদ্ধান্ত বাংলাদেশের পুঁজিবাজারের আন্তর্জাতিক ভাবমূর্তি ও গ্রহণযোগ্যতা আরও সুদৃঢ় করবে। বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করবে। এ বিষয়ে সময়োপযোগী সহযোগিতা ও কার্যকর পদক্ষেপ নেওয়ায় অর্থমন্ত্রী, বিএসইসি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। সরকার বাংলাদেশের পুঁজিবাজারে আরও বেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিশেষ গুরুত্ব দেবে বলে আশা করে সংগঠনটি।
- বিষয় :
- স্টক এক্সচেঞ্জ
- বেক্সিমকো ফার্মা
