ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

ডিজিটাল পেমেন্টে গতি আনতে ওয়ান ব্যাংকের ‘বাংলা কিউআর’ প্রচারণা শুরু

ডিজিটাল পেমেন্টে গতি আনতে ওয়ান ব্যাংকের ‘বাংলা কিউআর’ প্রচারণা শুরু
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬ | ২২:২৪

দেশে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও গতিশীল ও জনবান্ধব করতে জাতীয় আন্তঃপরিচালনাযোগ্য কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থা ‘বাংলা কিউআর’ নিয়ে জনসচেতনতা বৃদ্ধির প্রচারণা শুরু করেছে ওয়ান ব্যাংক পিএলসি। সম্প্রতি এ উপলক্ষে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ব্যাংকটির পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগের মাধ্যমে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণ এবং স্মার্ট, ক্যাশলেস অর্থনীতি গড়ে তোলার জাতীয় লক্ষ্য বাস্তবায়নে ওয়ান ব্যাংকের অঙ্গীকার আরও জোরদার হবে।

প্রচারণার মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের কাছে ‘বাংলা কিউআর’-এর বৈশিষ্ট্য, সুবিধা ও ব্যবহার সম্পর্কে ধারণা পৌঁছে দেওয়া। একই সঙ্গে ওয়ান ব্যাংকের কর্মকর্তাদের হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে বাংলা কিউআরের ব্যবহারিক কার্যকারিতা সম্পর্কে দক্ষ করে তোলা হবে, যাতে তারা গ্রাহকদের আরও কার্যকর সেবা দিতে পারেন।

‘বাংলা কিউআর’ বাংলাদেশের একটি একীভূত জাতীয় কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থা। এর মাধ্যমে অংশগ্রহণকারী ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি)-এর গ্রাহকরা একটি মাত্র কিউআর কোড ব্যবহার করেই বিভিন্ন প্রতিষ্ঠানে সহজে পেমেন্ট করতে পারবেন। একাধিক কিউআর কোডের পরিবর্তে একটি ইন্টারঅপারেবল প্ল্যাটফর্ম ব্যবহারের ফলে লেনদেন হবে আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী। পাশাপাশি ব্যবসায়ীদের পরিচালন ব্যয় কমবে এবং নগদবিহীন অর্থনীতির বিকাশ ত্বরান্বিত হবে।

বাংলা কিউআর ইকোসিস্টেমের অংশগ্রহণকারী প্রতিষ্ঠান হিসেবে ওয়ান ব্যাংক তার ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এ সেবার সম্প্রসারণে কাজ করছে। ব্যাংকের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘ওকে ওয়ালেট’ বাংলা কিউআরের ইস্যুয়ার ও অ্যাকোয়ারার—উভয় ভূমিকায় সেবা দিচ্ছে। ফলে গ্রাহকরা বাংলা কিউআর ব্যবহার করে পেমেন্ট করতে পারছেন এবং ব্যবসায়ীরাও একই প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট গ্রহণের সুবিধা পাচ্ছেন। এছাড়া ওয়ান ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং অ্যাপ ‘ওয়ানঅ্যাপ’-এর মাধ্যমেও গ্রাহকরা নিরাপদে বাংলা কিউআর স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন।

প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করেন ওয়ান ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক মুহিত রহমান। অনুষ্ঠানে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ লিগ্যাল অফিসার মো. আনোয়ারুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী জিয়াউল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার আহমেদ জাফরসহ ব্যাংকের দুই শতাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ওয়ান ব্যাংক জানিয়েছে, দেশের ডিজিটাল রূপান্তরের লক্ষ্য বাস্তবায়নে নিরাপদ, সহজ ও উদ্ভাবনী ব্যাংকিং সেবা প্রদানে তারা প্রতিশ্রুতিবদ্ধ। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×