ঢাকা মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

সেবা সহজ করার উদ্ভাবনী উদ্যোগের জন্য সম্মাননা পেল ৫ প্রতিষ্ঠান

সেবা সহজ করার উদ্ভাবনী উদ্যোগের জন্য সম্মাননা পেল ৫ প্রতিষ্ঠান
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৬ | ০৮:২১ | আপডেট: ০৭ জুলাই ২০২৬ | ১০:৩৮

| প্রিন্ট সংস্করণ

জনগণের দোরগোড়ায় ব্যাংকিং ও আর্থিক সেবা পৌঁছে দিতে দ্রুত পুরো দেশকে ডিজিটালাইজেশনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গতকাল সোমবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উদ্যোগে আয়োজিত ইনোভেশন শোকেসিং ২০২৫-২৬ অনুষ্ঠানে তিনি একথা জানান।

অনুষ্ঠানে সেবা সহজ করার উদ্ভাবনী উদ্যোগের জন্য পাঁচটি প্রতিষ্ঠানকে পুরস্কার দেওয়া হয়। এর মধ্যে জনতা ব্যাংক জনতা-পে (জনতা পেমেন্ট গেটওয়ে), প্রবাসী কল্যাণ ব্যাংক ই-মাইগ্রেশন লোন প্রসেসিং সার্ভিস (ইএমএলপিএস), বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ইনস্যুরেন্স মোবাইল অ্যাপ, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশন (বিএইচবিএফসি) দলিলপত্র ফেরত প্রক্রিয়া স্বয়ংক্রিয়করণ এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) জিআইএসভিত্তিক সুপারভিশন অ্যান্ড মনিটরিং সিস্টেম উদ্যোগের জন্য সম্মাননা পায়।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি এবং বিভিন্ন ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অর্থ ও পরিকল্পনামন্ত্রী বলেন, সেবা সহজ করা ও স্বচ্ছতা নিশ্চিত করাই ডিজিটাল প্রযুক্তির মূল লক্ষ্য। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অংশ হিসেবে সাধারণ মানুষ, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক, কারিগর, শিল্পীসহ সব শ্রেণি-পেশার মানুষকে এই প্রক্রিয়ায় যুক্ত করতে সরকার কাজ করছে। এ জন্য প্রযুক্তির বিকল্প নেই।

তিনি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উদ্দেশে বলেন, উদ্ভাবনী উদ্যোগ প্রশংসনীয় হলেও আরও বেশি গ্রাহককে ডিজিটাল সেবার আওতায় আনতে হবে। গ্রাহকদের অনলাইন সেবায় অভ্যস্ত করতে শাখা পর্যায়ে সচেতনতা বাড়ানো এবং ডিজিটাল সেবার সুবিধা সম্পর্কে কার্যকরভাবে জানাতে হবে।

তিনি বলেন, বিশ্বের অন্যতম ডিজিটাল রাষ্ট্র এস্তোনিয়ার প্রযুক্তিগত অভিজ্ঞতা পর্যালোচনায় সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সেখানে রয়েছে। আন্তর্জাতিক সেরা চর্চাগুলো দ্রুত দেশের আর্থিক খাতে কাজে লাগানো হবে।

আরও পড়ুন

×