ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

রাইট শেয়ার ইস্যুর প্রস্তাবে অনুমোদন পেল ইউসিবি

বাজারমূল্য ৯ টাকা হলে ব্যাংক বিক্রি করবে ১০ টাকায়

রাইট শেয়ার ইস্যুর প্রস্তাবে অনুমোদন পেল ইউসিবি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ০৮:১৭

| প্রিন্ট সংস্করণ

রাইট শেয়ার ইস্যু করে ৭৭৫ কোটি টাকার মূলধন বৃদ্ধির বিষয়ে বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়ালের (ইউসিবি) প্রস্তাব অনুমোদন করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। 

কমিশনের অনুমোদন অনুযায়ী, বিদ্যমান শেয়ারহোল্ডারদের কাছে প্রতি দুটি শেয়ারের বিপরীতে অভিহিত মূল্য ১০ টাকা দরে একটি করে শেয়ার বিক্রি করবে ব্যাংকটি। ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী মূলধন পর্যাপ্ততার শর্ত পূরণ এবং ব্যাংকিং ব্যবসায় এ অর্থ ব্যবহার করার লক্ষ্য ইউসিবির।

অভিহিত মূল্য ১০ টাকা দরে রাইট শেয়ার ইস্যু হলেও গতকাল ঢাকার শেয়ারবাজার ডিএসইতে ইউসিবির শেয়ার ৯ টাকা দরে কেনাবেচা হয়। গত এক বছরে শেয়ারটির সর্বনিম্ন ৮ টাকা ৪০ পয়সা থেকে সর্বোচ্চ ১১ টাকা ৮০ পয়সায় কেনাবেচা হয়েছে।
ফলে বাজারদরের তুলনায় বেশি মূল্যে রাইট শেয়ার ইস্যু করা হলে বিদ্যমান শেয়ারহোল্ডাররা তা কিনবেন (সাবস্ক্রাইব) কিনা– এ প্রশ্ন উঠেছে। কোম্পানি আইনে সর্বোচ্চ ১০ শতাংশ ছাড়ে শেয়ার বিক্রির সুযোগ থাকলেও বিদ্যমান সিকিউরিটিজ আইনে এ সুযোগ নেই। তা ছাড়া বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে স্বতন্ত্র পরিচালক দিয়ে ব্যাংকটির পর্ষদ পুনর্গঠন করায় রাইট শেয়ার অনুমোদনে উদ্যোক্তা-পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার থাকার বাধ্যবাধকতায় ছাড় দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, ইউসিবি গত বছরের ২৯ মে অনুষ্ঠিত পর্ষদ সভায় রাইট শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল। পাশাপাশি কৌশলগত বিনিয়োগকারীর কাছে আরও ৭৭৫ কোটি টাকার শেয়ার সমঝোতামূলক দামে বিক্রির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়। এসব সিদ্ধান্ত গত বছরের এজিএমে অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা।
ব্যাংক সূত্র জানায়, রাইট শেয়ার বিক্রির অনুমোদন পাওয়ায় অর্ধেক লক্ষ্য পূরণ হয়েছে। বাকি লক্ষ্য পূরণে বিভিন্ন সম্ভাব্য কৌশলগত বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা চলছে। তবে এখন পর্যন্ত বড় অগ্রগতি নেই।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম সমকালকে জানান, ব্যাংকটির শেয়ারহোল্ডাররা এ দরে শেয়ার কিনবেন কিনা, তা তাদের ঐচ্ছিক বিষয়। কোনো শেয়ার অবিক্রীত থাকলে তার পুরোটাই ১০ টাকা দরেই কিনে নেওয়ার গ্যারান্টি দিয়েছে আন্ডাররাইটার। এ বিবেচনাতে বিএসইসি রাইট শেয়ারের অনুমোদন দিয়েছে।
ইউসিবির রাইটের আন্ডাররাইটার রূপালী ব্যাংক, আল-আরাফাহ ব্যাংক, ঢাকা ব্যাংক এবং লংকাবাংলা ফাইন্যান্সের মালিকানাধীন চার মার্চেন্ট ব্যাংকিং প্রতিষ্ঠান। এদিকে গতকালের কমিশন সভায় ব্লু-ওয়েলথ নামের সম্পদ ব্যবস্থাপক কোম্পানিকে ৩০ কোটি টাকা আকারের বেমেয়াদি মিউচুয়াল ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন দিয়েছে। 

আরও পড়ুন

×