ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

উৎপাদন ও নির্মাণ খাতে সংকোচন

জুনের পিএমআই

উৎপাদন ও নির্মাণ খাতে সংকোচন
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ০৮:১৮

| প্রিন্ট সংস্করণ

গত জুন মাসে অর্থনীতির গুরুত্বপূর্ণ দুটি খাতে সংকোচন হয়েছে। খাতগুলো হচ্ছে– উৎপাদন ও নির্মাণ। অন্যদিকে কৃষি ও সেবা খাত সম্প্রসারণ অব্যাহত রাখলেও তাদের প্রবৃদ্ধির গতি কিছুটা কমেছে। মাসটিতে দেশের সামগ্রিক পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) মাসের তুলনায় ৯ দশমিক ৯ পয়েন্ট কমে ৫২.৯-এ দাঁড়িয়েছে, যা আগের মাসের তুলনায় অর্থনৈতিক কর্মকাণ্ডের সম্প্রসারণের গতি মন্থর হওয়ার ইঙ্গিত দেয়।

মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ঢাকা ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) প্রকাশিত পিএমআই সম্পর্কিত প্রতিবেদন থেকে এমন পর্যবেক্ষণ পাওয়া গেছে। প্রতিবেদনটি গতকাল মঙ্গলবার প্রকাশ করা হয়। 

পিএমআই ১০০ নম্বরের মধ্যে পরিমাপ করা হয়। স্কোর ৫০-এর বেশি হলে অর্থনীতির সম্প্রসারণ হয়েছে বলে ধরে নেওয়া হয়। ৫০-এর নিচে হলে সংকোচন বোঝায়। আর স্কোর ৫০ থাকার অর্থ ওই মাসে কোনো পরিবর্তন হয়নি।

এমসিসিআই ঢাকা ও পিইবির প্রতিবেদনে বলা হয়, কৃষি খাত টানা দশম মাসের মতো সম্প্রসারণে রয়েছে। যদিও জুনে প্রবৃদ্ধির গতি কিছুটা মন্থর। উৎপাদন খাত টানা দুই মাসের সম্প্রসারণের পর জুনে পুনরায় সংকোচনে ফিরে এসেছে। নতুন অর্ডার, নতুন রপ্তানি, কর্মসংস্থান ইত্যাদিতে সংকোচনের ফলে এই দুর্বল ফলাফল পরিলক্ষিত হয়েছে। যদিও কারখানার উৎপাদন, ইনপুট ক্রয় এবং আমদানি সূচকে সম্প্রসারণ অব্যাহত ছিল।

নির্মাণ খাতও আগের মাসে সম্প্রসারণের পর পুনরায় সংকোচনে ফিরে এসেছে। নতুন ব্যবসা, নির্মাণ কার্যক্রম এবং কর্মসংস্থানে সংকোচন হয়েছে। সেবা খাতে টানা ২১তম মাসের মতো সম্প্রসারণ হয়েছে। তবে প্রবৃদ্ধির গতি কিছুটা কমেছে।

এ সম্পর্কিত জরিপের উত্তরদাতাদের মতে, জুনে ক্রমবর্ধমান উৎপাদন ব্যয় এবং দুর্বল বাজার পরিস্থিতির কারণে ব্যবসায়িক পরিস্থিতি চ্যালেঞ্জিং ছিল। অনেক প্রতিষ্ঠান জানিয়েছে, জ্বালানির মূল্যবৃদ্ধি, পরিবহন ও পরিচালন ব্যয় বাড়া এবং শ্রম ব্যয়ের ঊর্ধ্বগতি তাদের মুনাফার ওপর চাপ সৃষ্টি করেছে। আর্থিক সংকট, চলমান সড়ক নির্মাণ কার্যক্রমের কারণে ব্যবসায়িক কার্যক্রমে বিঘ্ন এবং সম্প্রতি আরোপিত ১৫ শতাংশ ভ্যাটের ফলে ব্যবসা পরিচালনার ব্যয় বাড়ার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে কিছু প্রতিষ্ঠান। অনেকে বলেছে, কৃষি খাতে আবহাওয়াজনিত অনিশ্চয়তা উৎপাদন ও মৌসুমি চাহিদার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এ ছাড়া দেশের সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডের ধীরগতির বিষয়টিও তুলে ধরেছে কয়েকটি প্রতিষ্ঠান। 
তবে জরিপে উত্তরদাতারা আশা প্রকাশ করেছেন, ব্যবসায়িক পরিবেশের উন্নতি, জ্বালানি সরবরাহের স্থিতিশীলতা এবং ব্যবসাবান্ধব সরকারি নীতিমালা গ্রহণ করা হলে আগামী মাসগুলোতে ব্যবসায়িক আস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ড আরও শক্তিশালী হবে।
 

আরও পড়ুন

×