জনতা ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ জুলাই ২০২৬ | ২২:৪৪
গ্রাহকদের জন্য ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও আধুনিক করতে জনতা ব্যাংক পিএলসি ও ডাচ্-বাংলা ব্যাংকের মধ্যে নেক্সাস পেমেন্ট গেটওয়ে এবং রকেটের মাধ্যমে অনলাইন লেনদেনসংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়।
অনুষ্ঠানে জনতা ব্যাংকের চেয়ারম্যান মুহ. ফজলুর রহমান, সিএসপি, এমডি মো. মজিবর রহমান, ডিএমডি কাজী আব্দুর রহমান ও মো. ফয়েজ আলম উপস্থিত ছিলেন। ডাচ্-বাংলা ব্যাংকের পক্ষে উপস্থিত ছিলেন এমডি ও সিইও মো. এহতেশামুল হক খান এবং ডিএমডি মো. সাহাদাত হোসেনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চুক্তিপত্রে জনতা ব্যাংকের আইসিটি বিভাগের জিএম মোহাম্মদ আনিস এবং ডাচ্-বাংলা ব্যাংকের এসইভিপি ও ব্রাঞ্চ অপারেশনস অ্যান্ড লায়াবিলিটি বিভাগের প্রধান আব্দুল্লাহ আল মাসুদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।
চুক্তির আওতায় জনতা ব্যাংকের নিজস্ব পেমেন্ট গেটওয়ে ‘জনতা পে’-এর সঙ্গে ডাচ্-বাংলা ব্যাংকের নেক্সাস ডেবিট কার্ড, রকেট, ভিসা কার্ড এবং মাস্টারকার্ড সংযুক্ত হবে। এর ফলে ‘জনতা পে’-এর আওতাভুক্ত বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠান, মার্চেন্ট ও সেবাদানকারী প্রতিষ্ঠানের গ্রাহকরা আরও সহজ, দ্রুত ও নিরাপদ উপায়ে অনলাইন লেনদেন সম্পন্ন করতে পারবেন। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- ডাচ-বাংলা ব্যাংক
- জনতা ব্যাংক