সহায়তায় জিআইজেড
বৈদ্যুতিক যানবাহন নীতিমালা করছে শিল্প মন্ত্রণালয়
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ০৮:০০
| প্রিন্ট সংস্করণ
দেশের দ্রুত বিকাশমান বৈদ্যুতিক যানবাহন (ইভি) খাতের জন্য একটি নীতিমালা তৈরি করছে শিল্প মন্ত্রণালয়। ‘ইলেকট্রিক ভেহিকল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট পলিসি ২০২৬’ নামে প্রস্তাবিত নীতিমালার ওপর গতকাল শিল্প মন্ত্রণালয় একটি অংশীজন সভার আয়োজন করে।
জিআইজেড বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মশালায় শিল্প ও নিয়ন্ত্রক কাঠামোকে আরও কার্যকর করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়, যাতে সরকারের ২০৩০ সালের মধ্যে দেশের বিভিন্ন পরিবহন মাধ্যমে ৩০ শতাংশ বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যমাত্রা অর্জন করা যায়। দেশের পরিবহন খাতের মোট কার্বন নিঃসরণের ৮১ শতাংশই সড়ক পরিবহন থেকে আসে। ফলে পরিবেশগত ও অর্থনৈতিক–উভয় দৃষ্টিকোণ থেকেই বৈদ্যুতিক যানবাহনের পরিকল্পিত রূপান্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কর্মশালায় সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান। জিআইজেডের পক্ষে কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশে জার্মান দূতাবাসের ডেপুটি হেড অব কো-অপারেশন জ্যানিস হুসেইন এবং জিআইজেড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মার্ক গোমবার্ট।
- বিষয় :
- শিল্প মন্ত্রণালয়