ঢাকা রোববার, ১২ জুলাই ২০২৬

ডিসিসিআইর সভা

আইনশৃঙ্খলার উন্নয়ন চান ব্যবসায়ীরা

আইনশৃঙ্খলার উন্নয়ন চান ব্যবসায়ীরা
×

গতকাল শনিবার নিউ ধানমন্ডি কনভেনশন হলে ঢাকা চেম্বার আয়ােজিত মতবিনিময় সভায় সংগঠনের সভাপতি তাসকীন আহমেদ এবং অতিথিরা ফটাে রিলিজ

শিল্প ও বাণিজ্য ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬ | ০৭:৫১

| প্রিন্ট সংস্করণ

বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা এবং অভ্যন্তরীণ নানা চ্যালেঞ্জের মুখে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করা ক্রমশ কঠিন হয়ে পড়ছে, যার নেতিবাচক প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে। এ অবস্থা উত্তরণে ব্যবসা পরিচালন ব্যয় হ্রাস, ট্রেড লাইসেন্সসহ অন্যান্য সরকারি সেবা পাওয়ার প্রক্রিয়া অটোমেশন প্রবর্তন, ব্যাংক ঋণের সুদের হার কমানো ও এলসি খোলার প্রক্রিয়া সহজ করাসহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের ওপর জোর দিয়েছেন ঢাকা চেম্বার আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেওয়া ধানমন্ডি-মোহাম্মদপুর অঞ্চলের স্থানীয় ব্যবসায়ীরা। 

রাজধানীর ধানমন্ডি-মোহাম্মদপুর অঞ্চলের ব্যবসায়ীদের সমস্যা চিহ্নিত করার পাশাপাশি সমাধানে করণীয় নির্ধারনের লক্ষ্যে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘সার্বিক স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশ উন্নয়ন’ শীর্ষক মতবিনিময় সভা গতকাল শনিবার নিউ ধানমন্ডি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। ১৫টি অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং শতাধিক ব্যবসায় প্রতিষ্ঠানের প্রতিনিধি অংশ নেন। ঢাকা চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়। 

স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, ব্যবসায়ীরা অর্থনীতিতে বিশাল অবদান রাখলেও প্রশাসনিক জটিলতা, কর ও ভ্যাট-সংক্রান্ত অস্পষ্টতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির মতো বিষয়গুলো তাঁদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কারণে পণ্য পরিবহন খরচ বৃদ্ধি এবং শপিং মল ও দোকানপাট সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্তের ফলে ব্যবসায়ীদের বিক্রয় বা টার্নওভার আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে, যা সামগ্রিক ব্যবসা প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে। 

দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ বলেন, শিগগিরই দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে ট্রেড লাইসেন্স নবায়ন সপ্তাহ ঢাকা চেম্বারে আয়োজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনা কার্যক্রম আরও সহজতর হবে। 
ডিএমপির উপপুলিশ কমিশনার মো. তারেক জুবায়ের বলেন, চাঁদাবাজির হয়রানি প্রতিরোধে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে চিহ্নিত চাঁদাবাজদের গ্রেপ্তার কার্যক্রম অব্যাহত রয়েছে। ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার নির্ঝর আহমেদ বলেন, তিন মাস অন্তর ভ্যাট রিটার্ন প্রদানের উদ্যোগ ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনায় মূলধন বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে। এনবিআরের দ্বিতীয় সচিব (রাজস্ব নীতি) নুসরাত ফারজানা বলেন, কর আহরণ এবং করবিষয়ক প্রণোদনা প্রদান দুটিই সরকারের জন্য অতীব গুরুত্বপূর্ণ। এনবিআর দুটির মধ্যে সমন্বয়সাধনের মাধ্যমে ব্যবসা সহজ করার কাজ করে যাচ্ছে। 

আরও পড়ুন

×