অর্থনৈতিক কূটনীতি জোরদারের সুপারিশ ডিসিসিআইর
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬ | ০৮:১৪
| প্রিন্ট সংস্করণ
এলডিসি উত্তরণ-পরবর্তী সময়ে বৈশ্বিক বাণিজ্যের প্রতিযোগিতা মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা বাড়ানো এবং রপ্তানি পণ্যের বহুমুখীকরণ ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে বাণিজ্যিক সম্ভাবনাময় দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরে পররাষ্ট্র মন্ত্রণালয়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) ।
গতকাল মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎকালে চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ এ আহ্বান জানান। ঢাকা চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
তাসকীন আহমেদ বলেন, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য ও বিনিয়োগের প্রচুর সম্ভাবনা রয়েছে, যা কাজে লাগাতে বর্তমান সরকারের অর্থনৈতিক কূটনীতি কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন। আফ্রিকার দেশগুলোর সঙ্গে কন্ট্রাক্ট-ফার্মিং, তথ্যপ্রযুক্তিসহ কৃষি খাতে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশের সরাসরি পেমেন্ট ব্যবস্থাপনা সহজ করার ওপর জোর দেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আফ্রিকা মহাদেশসহ সম্ভাবনাময় দেশগুলোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়নে সহায়ক বাণিজ্য চুক্তি স্বাক্ষরে সরকারের নিরলস প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং এ ক্ষেত্রে সরকার-বেসরকারি খাতের যৌথ উদ্যোগ ইতিবাচক ফলাফল আনতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মত প্রকাশ করেন। তিনি জানান, বিশেষ করে আফ্রিকা অঞ্চলের দেশগুলোতে আমাদের উৎপাদিত পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ, ফলমূল, সিরামিক প্রভৃতি পণ্যের প্রচুর সম্ভাবনা রয়েছে এবং এ সম্ভাবনাকে কাজে লাগাতে দেশি উদ্যোক্তাদের আরও মনোনিবেশ করা প্রয়োজন।
- বিষয় :
- ডিসিসিআই