ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

এনবিআরের উৎসে কর মনিটরিং 

উদ্যোক্তাদের হয়রানি না করার আহ্বান ঢাকা চেম্বারের

উদ্যোক্তাদের হয়রানি না করার আহ্বান ঢাকা চেম্বারের
×

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ১৭:১৪

যে কোনো ব্যবসায়িক ও আর্থিক প্রতিষ্ঠানের উৎসে কর কর্তন জমা, মনিটরিং ও যাচাই কার্যক্রম জোরদারের উদ্যোগে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান যেন অযথা হয়রানির শিকার না হন, তা অবশ্যই নিশ্চিত করতে হবে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) সোমবার এনবিআরের প্রতি এই আহবান জানিয়েছে। 

রোববার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, আয়কর আইন অনুযায়ী উৎসে কর কর্তন ও জমা কার্যক্রমের তদারকি জোরদারে কর কর্মকর্তারা যেকোনো বাণিজ্যিক বা অর্থনৈতিক প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, ব্যবসা কেন্দ্র বা দপ্তরে বিনা বাধায় প্রবেশ করে সরেজমিনে পরিদর্শন করতে পারবেন। এ ধরনের কার্যক্রমে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি বা অসহযোগিতা করলে আয়কর আইন, ২০২৩ এর ১৪৭(২) ধারা অনুযায়ী জরিমানা করা হবে। 

এনবিআরের ঘোষণার পর আজ সোমবার ঢাকা চেম্বার এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলেছে, আয়কর আইনের ওই ধারা বাস্তবায়নের ক্ষেত্রে কর ব্যবস্থাপনায় ইতোমধ্যে কমপ্লায়েন্স পরিপালনকারী কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান যেন অযথা হয়রানির শিকার না হন তা অবশ্যই নিশ্চিত করতে হবে। এছাড়া যে সব ব্যবসায়িক প্রতিষ্ঠান এখনও পুরোপুরি কমপ্লায়েন্স নিশ্চিত করতে পারেনি, তাদেরকে তা বাস্তবায়নে সময় ও সুযোগ প্রদানের মাধ্যমে ন্যায্য অধিকার প্রাপ্তির জন্য এনবিআরের প্রতি আহ্বান জানাচ্ছে ডিসিসিআই। সরকারের রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা পূরণ ও করজাল সম্প্রসারণে দেশের সামগ্রিক রাজস্ব ব্যবস্থাপনায় অটোমেশন ও ডিজিটাল কার্যক্রমের কার্যকর ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন, যার মাধ্যমে আমাদের বেসরকারিখাতের সকলের অনাকাঙ্খিত ভোগান্তি বহুলাংশে লাঘব হবে।

এনবিআর জানায়, কর কর্মকর্তারা প্রতিষ্ঠানের হিসাবের বই, ভাউচার, ব্যাংক স্টেটমেন্ট, রসিদসহ অর্থনৈতিক কার্যক্রম-সংক্রান্ত যেকোনো নথিপত্র পরীক্ষা ও তলব করতে পারবেন। পাশাপাশি কম্পিউটার সিস্টেম, ক্লাউড সার্ভার, ডিজিটাল রেকর্ড বা ইলেকট্রনিক ডিভাইসে সংরক্ষিত তথ্য পরীক্ষা এবং প্রয়োজন হলে পাসওয়ার্ড বা এনক্রিপশন ভেঙে প্রবেশের ক্ষমতাও তাদের রয়েছে।

ঢাকা চেম্বারের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাজস্ব আহরণ ও ব্যবসাবান্ধব পরিবেশ-এই দুটি লক্ষ্য একসাথে অর্জন করা সম্ভব, তবে এ ক্ষেত্রে এনবিআরের সাথে গঠনমূলক সংলাপ অব্যাহত রাখার পাশাপাশি সকল শ্রেণীর ব্যবসায়ীদের কিভাবে কর ব্যবস্থাপনায় আরও শৃঙ্খলাবদ্ধ করা যায়, সে বিষয়ে সরকার-বেসরকারিখাতের একযোগে কাজের বিকল্প নেই। 

আরও পড়ুন

×