ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

সঙ্কটাপন্ন ন্যাশনাল ব্যাংকের ভবন ভাড়া দেওয়ার সুযোগ

সঙ্কটাপন্ন ন্যাশনাল ব্যাংকের ভবন ভাড়া দেওয়ার সুযোগ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২৬ | ২২:৪৩

সঙ্কটাপন্ন ন্যাশনাল ব্যাংকের নিজস্ব ভবন ‘এনবিএল টুইন টাওয়ার’ ভাড়া দেওয়ার সুযোগ দিলো বাংলাদেশ ব্যাংক। কোনো ব্যাংকের ভবন ভাড়া দেওয়ার ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইনে বিধিনিষেধ রয়েছে। তবে ২০৩১ সাল পর্যন্ত আইনের ধারা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে সব ব্যাংকে পাঠানো হয়।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা সমকালকে বলেন, বিগত সরকারের সময়ে লুটপাটসহ নানা অনিয়মের কারণে ব্যাংকটি চরম সঙ্কটে রয়েছে। আমানতকারীর অর্থ ফেরত দেওয়ার মতো অবস্থায় নেই। এরকম অবস্থায় ভবন ভাড়া দিয়ে যদি কিছু আয় করতে পারে সে জন্য আগামী পাঁচ বছরের জন্য বিশেষ এই সুযোগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আওয়ামী লীগের সময়ে ন্যাশনাল ব্যাংক পরিচালিত হতো সিকদার পরিবারের কর্তৃত্বে। অনিয়ম জালিয়াতির কারণে ব্যাংকটির ৪২ হাজার ৭৯৫ কোটি টাকার ঋণের ২৪ হাজার ৩০৫ কোটি টাকা বা প্রায় ৫৭ শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইনের ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ন্যাশনাল ব্যাংকের মালিকানাধীন ‘এনবিএল টুইন টাওয়ার’ (হোল্ডিং নম্বর, ১/সি/১, বীর উত্তম সি. আর. দত্ত রোড, পান্থপথ, ঢাকা) নামে তাদের প্রস্তাবিত প্রধান কার্যালয় ভবনের টাওয়ার-২ বাণিজ্যিক স্থাপনা হিসেবে ইজারা দিতে পারবে। এ জন্য ব্যাংক কোম্পানি আইনের ১০ ধারার বিধান এই ব্যাংকের জন্য ২০৩১ সালের ডিসেম্বর পর্যন্ত প্রযোজ্য হবে না।

আরও পড়ুন

×