ঢাকা বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

বিনিয়োগ তথ্যভাণ্ডার গড়ে তোলা হচ্ছে: কর্মশালায় বক্তারা

বিনিয়োগ তথ্যভাণ্ডার গড়ে তোলা হচ্ছে: কর্মশালায় বক্তারা
×

আয়োজিত কর্মশালায় প্রতিনিধিরা।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬ | ২২:৩৭ | আপডেট: ২২ জুলাই ২০২৬ | ২২:৫৩

ময়মনসিংহে বাংলাদেশের শিল্প জরিপ নিয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) এবং সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর যৌথ উদ্যোগে একটি বিভাগীয় কর্মশালার আয়োজন করা হয়। আজ বুধবার আয়োজিত এ কর্মশালায় ময়মনসিংহ বিভাগের সরকারি কর্মকর্তা, বেসরকারি খাতের প্রতিনিধি, বিনিয়োগকারী এবং স্থানীয় অংশীজনেরা অংশগ্রহণ করেন।

এ জরিপের পরিচয়, পরিধি ও যৌক্তিকতা তুলে ধরা এবং অঞ্চলের সম্ভাব্য খাত ও বিনিয়োগ সংক্রান্ত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করাই ছিল কর্মশালার মূল উদ্দেশ্য। সানেমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান জরিপের সার্বিক রূপরেখা উপস্থাপন করে কর্মশালার উদ্বোধন করেন। তিনি জানান, বিনিয়োগকারীদের বাধা চিহ্নিত করা, কার্যকর সমাধান এবং উপাত্তভিত্তিক নীতি নির্ধারণের লক্ষ্যে একটি তথ্যভাণ্ডার গড়ে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। 

এডিবির পাবলিক সেক্টর ইকোনমিস্ট তাসনিম আলম বলেন, বাংলাদেশের এলডিসি তালিকা থেকে উত্তরণ-পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সুনির্দিষ্ট প্রস্তুতি প্রয়োজন। এলডিসি উত্তরণের সময়সীমা পেছানোর আবেদনকে একটি ইতিবাচক ও প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে উল্লেখ করে তিনি সতর্ক করেন, পর্যাপ্ত প্রস্তুতি ছাড়া উত্তরণ ঘটলে দেশ গুরুত্বপূর্ণ বাণিজ্য সুবিধা থেকে বঞ্চিত হতে পারে। এই চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে বিদেশি বিনিয়োগ ব্যাপকভাবে বাড়ানো জরুরি। 

তাসনিম আলম আরও বলেন, বিডা বিনিয়োগ কার্যক্রমের পরিধি বাড়াতে অঙ্গীকারবদ্ধ হলেও একটি সুনির্দিষ্ট কেন্দ্রীয় ডাটাবেজের অভাব রয়েছে। এ লক্ষ্যে সারা দেশে শুমারি পরিচালনা করে তথ্যভাণ্ডার তৈরির দায়িত্ব সানেমকে দেওয়া হয়েছে। জরিপের সফলতা নিশ্চিত করতে তিনি সকল ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের কাছে নির্ভুল তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানান।

বিডার মহাপরিচালক গাজী এ কে এম ফজলুল হক বিডা ও এডিবির যৌথ পরিচালনায় চলমান শিল্প জরিপের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করে বলেন, বিভিন্ন বিনিয়োগ প্রচার সংস্থার কাছে কিছু নির্দিষ্ট শিল্পের তথ্য থাকলেও অনেক খাতই তাদের তালিকার বাইরে থেকে যায়। ফলে দেশীয় বিনিয়োগের পূর্ণাঙ্গ চিত্র নীতি নির্ধারকদের কাছে স্পষ্ট থাকে না। এ ঘাটতি পূরণে এ সমীক্ষার মাধ্যমে স্থানীয় ও বৈদেশিক উভয় বিনিয়োগের চিত্র সার্বিকভাবে মূল্যায়ন করা হবে। 

বিশেষ অতিথির বক্তব্যে ময়মনসিংহের বিভাগীয় কমিশনার এস. এম. হুমায়ুন কবীর সরকার বলেন, ময়মনসিংহ মূলত কৃষিপ্রধান অঞ্চল। এ অর্থনৈতিক বাস্তবতায় কৃষি খাতের ওপর সার্বিক উন্নয়ন অনেকাংশে নির্ভর করে। এই সমীক্ষা কৃষি খাতকে একটি সুসংগঠিত শিল্প খাতে রূপান্তরিত করতে সহায়তা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 

প্রধান অতিথির বক্তব্যে বিডার নির্বাহী সদস্য মো. হুমায়ুন কবির বলেন, প্রাথমিক পর্যায়ে বিনিয়োগকারীরা বিডার সাথে যুক্ত হলেও পরবর্তীতে হালনাগাদ তথ্যের ঘাটতি থেকে যায়। ভবিষ্যতে ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস)-এর মাধ্যমে যেন সহজে তথ্য পাওয়া যায়, সেজন্য ডাটাবেজ পুনর্গঠন জরুরি। এডিবির আর্থিক সহায়তায় সানেম এই সমীক্ষা পরিচালনা করছে। 

সভাপতির বক্তব্যে ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান বলেন, ময়মনসিংহে বর্তমান বিনিয়োগ গুটিকয়েক নির্দিষ্ট খাতে সীমাবদ্ধ। আইটি, চামড়া, গবাদিপশু এবং বিশেষ করে খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে এখানকার বিপুল সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহে কাঁঠাল ও আনারসের মতো ফল প্রচুর পরিমাণে উৎপাদিত হলেও প্রধান বিনিয়োগকারীর অভাবে এগুলো প্রক্রিয়াজাত করে রপ্তানি করা সম্ভব হচ্ছে না। 

কর্মশালার কারিগরি সেশনে ড. সেলিম রায়হান এবং সানেমের প্রোগ্রাম ডিরেক্টর জোবায়ের হোসেন ‘সার্ভে অফ ইন্ডাস্ট্রিজ ইন বাংলাদেশ: স্কোপ, মেথডস, অ্যান্ড স্টেকহোল্ডার কোঅপারেশন’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। ড. রায়হান উল্লেখ করেন, জ্বালানি, প্রযুক্তি ও অর্থনৈতিক কাঠামোগত রূপান্তরের এই সময়ে একটি কেন্দ্রীয় বিনিয়োগ ডাটাবেজ তৈরি অপরিহার্য। বিডা, এডিবির অর্থায়নে এবং সানেমের কারিগরি বাস্তবায়নে একটি একীভূত বিনিয়োগ তথ্যব্যবস্থা গড়ে তুলছে, যা বিডার ওএসএস পোর্টালে যুক্ত থাকবে। 

উপস্থাপনা শেষে একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা গবাদিপশু পালন, মৎস্য চাষ, এগ্রো-ইকো ট্যুরিজম এবং এগ্রো-প্রসেসিং এর মতো সম্ভাবনাগুলো তুলে ধরেন।

আরও পড়ুন

×