ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া লাগবে না: বাণিজ্যমন্ত্রী
পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এক অনুষ্ঠানে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী। ছবি-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ | ২১:৫৮
রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের অংশগ্রহণ বাড়াতে আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা দিয়েছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী এবং রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান খন্দকার আবদুল মুক্তাদির।
সোমবার পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে ‘চায়না-দক্ষিণ এশিয়া এক্সপো’ ও ‘চায়না-কুনমিং আমদানি-রপ্তানি ২০২৬’ শীর্ষক মেলার ব্রিফিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
মন্ত্রী বলেন, দেশের রপ্তানি খাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের পণ্য আন্তর্জাতিক বাজারে পরিচিত করা এবং রপ্তানি বাড়াতে বৈশ্বিক বাণিজ্য মেলায় অংশগ্রহণের বিকল্প নেই। তবে আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেক উদ্যোক্তা এসব মেলায় অংশ নিতে পারেন না। এ বিষয়টি বিবেচনায় নিয়েই ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বুথ ভাড়া মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। ব্যবসা পরিচালনা সহজ করতে ট্রেড লাইসেন্সের মেয়াদ পাঁচ বছর করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ঘরে বসেই অনলাইনের মাধ্যমে ট্রেড লাইসেন্স পাওয়ার ব্যবস্থাও চালু করা হবে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান আরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান। এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ বহুমুখী পাটজাত পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি মো. রাশেদুল করিম মুন্না এবং বাংলাদেশ ফুটওয়্যার অ্যান্ড লেদারগুডস উৎপাদনকারী ও রপ্তানিকারক সমিতির সহসভাপতি মো. নাসির খান।
অনুষ্ঠানে ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের অভিজ্ঞতা, বিভিন্ন সমস্যা ও প্রস্তাবনা তুলে ধরেন। কুনমিং মেলায় অংশগ্রহণের অভিজ্ঞতাও শোনেন মন্ত্রী। এ সময় তিনি উদ্যোক্তাদের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
- বিষয় :
- বাণিজ্যমন্ত্রী
- উদ্যোক্তা
- বাণিজ্য মেলা