এমসিসিআইয়ের গোলটেবিল বৈঠকে বক্তারা
জ্বালানির উচ্চমূল্য বেসরকারি খাতে জটিল পরিস্থিতি তৈরি করেছে
গতকাল সোমবার রাজধানীর গুলশানে এমসিসিআই কার্যালয়ে বেসরকারি খাতে অর্থায়ন নিয়ে গোলটেবিল বৈঠকে বক্তারা - ফটাে রিলিজ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ | ০৮:৩০
| প্রিন্ট সংস্করণ
বেসরকারি খাতের বিকাশে অর্থায়নের সহজলভ্যতা নিশ্চিত করা এখন সময়ের দাবি। বাংলাদেশ বিজনেস ইনডেক্স ২০২৪-২৫ অনুযায়ী, ব্যবসায়িক পরিবেশের ১১টি সূচকের মধ্যে ‘অর্থায়নের সুযোগ’ সূচকটিতে সবচেয়ে কম স্কোর রয়েছে। এ সূচকে স্কোর ১০০-এর মধ্যে মাত্র ৪০ দশমিক ০৭, যা দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসারে একটি বড় বাধা। অর্থ সংকটের পাশাপাশি জ্বালানির উচ্চ মূল্য বেসরকারি খাতের পরিস্থিতি জটিল করে তুলছে।
গতকাল সোমবার রাজধানীর গুলশানে ব্যবসায়ী সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকা (এমসিসিআই) কার্যালয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে অর্থনীতিবিদ, ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা বেসরকারি খাতে অর্থায়নের বিভিন্ন প্রতিবন্ধকতা তুলে ধরেন। তারা বাংলাদেশ ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং নীতিনির্ধারকদের মধ্যে সমন্বিত পদক্ষেপের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রবৃদ্ধিবান্ধব আর্থিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান রেখেছেন।
‘বাংলাদেশে অর্থায়নের সুযোগ: বেসরকারি খাতের জন্য আরও সহায়ক আর্থিক ব্যবস্থা গড়ে তোলা’ শীর্ষক গোলটেবিল বৈঠক যৌথভাবে আয়োজন করে এমসিসিআই এবং বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ। এতে সহযোগিতা দেয় অস্ট্রেলিয়া সরকারের ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড (ডিএফএটি)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এমসিসিআই সভাপতি কামরান টি. রহমান।
অনুষ্ঠানে এমসিসিআইয়ের মহাসচিব ও সিইও ফারুক আহমেদ স্বাগত বক্তব্য দেন। পিডব্লিউসি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং পার্টনার শামস জামান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। মূল প্রবন্ধে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের কেবল ব্যাংক খাতের ওপর নির্ভর না করে দীর্ঘমেয়াদি মূলধনের ব্যবস্থা করা প্রয়োজন। তিনি গ্যারান্টি ব্যবস্থাকে একটি স্বায়ত্তশাসিত ও পেশাদার বিকল্প হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।
প্যানেল আলোচনায় পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী ড. এম. মাসরুর রিয়াজ বলেন, ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণে অংশীজনদের তথ্য প্রাপ্তি সহজ করা প্রয়োজন। বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামস মাহমুদ বলেন, করোনা-পরবর্তী ধাক্কা এবং রাজনৈতিক অস্থিরতার প্রভাবে দেশের উৎপাদনশীল খাত তীব্র অর্থ সংকটে পড়ে, যা এখনও কাটিয়ে উঠতে পারেনি। এর সঙ্গে গ্যাস ও জ্বালানির উচ্চমূল্য যুক্ত হয়ে পরিস্থিতি আরও জটিল করেছে।
আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) সভাপতি সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, বড় প্রতিষ্ঠানের তুলনায় এসএমই খাতের প্রাতিষ্ঠানিক ঋণের সুযোগ অত্যন্ত কম। এর সমাধানে কেন্দ্রীয় ব্যাংক এবং অন্য অংশীজনদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এইচএসবিসি বাংলাদেশের হেড অব মাল্টিন্যাশনাল হোলসেল ব্যাংকিং আন্দালিব মির্জা জানান, ডিজিটাল উপাত্তের অভাব এবং আর্থিক যাচাইকরণ ব্যবস্থার দুর্বলতার কারণে নন-গার্মেন্টস খাতের কোম্পানিগুলো অর্থায়নের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জের মুখে পড়ছে।
বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন বলেন, আঞ্চলিক, লিঙ্গভিত্তিক এবং মনস্তাত্ত্বিক বৈষম্য দূর করতে ঋণগ্রহীতাদের অবস্থা বুঝে ভিন্ন ভিন্ন নীতিমালা প্রণয়ন করতে হবে।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) সৈয়দ আবদুল মোমেন জানান, ব্র্যাক ব্যাংক বিকাশ মার্চেন্টদের জন্য ডিজিটাল ন্যানো ঋণসেবা চালু করেছে। এর আওতায় যোগ্য ব্যবসায়ীরা মাত্র এক মিনিটের মধ্যে ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। তিনি জানান, পরীক্ষামূলকভাবে চালুর প্রথম চার দিনেই চারশটি আবেদন থেকে ২ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে।
শক্তিশালী ডিজিটাল ইকোসিস্টেমের কারণে এই দ্রুত সেবা সম্ভব হচ্ছে জানিয়ে আবদুল মোমেন বলেন, প্রাথমিকভাবে ৬০ হাজার মার্চেন্টকে এ সেবার আওতায় আনা হয়েছে।
গোলটেবিল বৈঠকে উপস্থিত হয়ে আলোচনায় অংশ নেন এমসিসিআইর মহাসচিব ও সিইও ফারুক আহমেদ, পিডব্লিউসি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং পার্টনার শামস জামান এবং এইচএসবিসি বাংলাদেশের হেড অব মাল্টিন্যাশনাল হোলসেল ব্যাংকিং আন্দালিব মির্জা। এছাড়া বিভিন্ন ব্যাংক, এনবিএফআই এবং উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
- বিষয় :
- এমসিসিআই