ভিআইপিবির দুই মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ | ১২:৪৩ | আপডেট: ২৯ জুলাই ২০২৬ | ১৩:২৫
গেল হিসাব বছরের (২০২৫-২৬) জন্য ৫ শতাংশ ও ৪ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পরিচালিত দুটি বেমেয়াদি মিউচুয়াল ফান্ড।
এর মধ্যে ‘ভিআইপিবি এসইবিএল ফার্স্ট ইউনিট ফান্ড’ ৫ শতাংশ এবং ‘ভিআইপিবি এনএলআই ফার্স্ট ইউনিট ফান্ড’ ৪ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে সম্পদ ব্যবস্থাপক কোম্পানিটি। সোমবার এক সভায় ফান্ডের ট্রাস্টি বোর্ড ৩০ জুন ২০২৬ সমাপ্ত হিসাব বছরের জন্য এই লভ্যাংশ অনুমোদন করেছে।
সম্পদ ব্যবস্থাপক ভিআইপিবি অ্যাসেট ম্যানেজমেন্ট জানিয়েছে, গেল এক বছরে ফান্ড দুটির পারফরম্যান্স ছিল বেশ সন্তোষজনক। আলোচিত সময়ে ভিআইপিবি এসইবিএল ফার্স্ট ইউনিট ফান্ড মোট ১৯ দশমিক ৩০ শতাংশ রিটার্ন এসেছে। এর মধ্যে ১৪ দশমিক ৩০ শতাংশ এসেছে ফান্ডের পোর্টফোলিও বা সম্পদের মূল্য বৃদ্ধি থেকে এবং বাকি ৫ শতাংশ লভ্যাংশ আয় থেকে।
অন্যদিকে, ভিআইপিবি এনএলআই ফার্স্ট ইউনিট ফান্ড একই সময়ে মোট ১৯ দশমিক ৮০ শতাংশ রিটার্ন দিয়েছে, যার মধ্যে ১৫ দশমিক ৮০ শতাংশ এসেছে পোর্টফোলিও বা সম্পদের মূল্য বৃদ্ধি থেকে থেকে।
উল্লেখ্য, এই ফান্ড দুটি আগে মেয়াদি মিউচুয়াল ফান্ড ছিল। পরে ইউনিটহোল্ডারদের ভোটে সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ২০২১ সালে এবং এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড ২০২২ সালে বেমেয়াদি ফান্ডে রূপান্তরিত হয়। ফান্ডগুলো মূলত ভালো শেয়ার ও ট্রেজারি বন্ডে বিনিয়োগের মাধ্যমে ঝুঁকি কমিয়ে বিনিয়োগকারীদের ভালো মুনাফা দেওয়ার চেষ্টা করে।
বর্তমানে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এই ফান্ডগুলোর ট্রাস্টি ও কাস্টোডিয়ান হিসেবে কাজ করছে। সাউথইস্ট ব্যাংক এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এই ফান্ড দুটির স্পন্সর।
- বিষয় :
- লভ্যাংশ