ন্যাশনাল ব্যাংকের এমডির পদত্যাগ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ | ০৮:২০ | আপডেট: ৩০ জুলাই ২০২৬ | ০৮:২৮
| প্রিন্ট সংস্করণ
সংকটে থাকা ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী পদত্যাগ করেছেন। গত বছরের ৭ জুলাই তিনি তিন বছরের জন্য ব্যাংকটিতে যোগদান করেন। সম্প্রতি ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। এর আগের এমডি মো. তৌহিদুল আলম খানও মেয়াদ শেষের আগেই পদত্যাগ করেন। এ নিয়ে গত এক দশকে মেয়াদ শেষের আগেই ব্যাংকটির সাতজন এমডি পদত্যাগ করলেন।
আদিল চৌধুরী ন্যাশনাল ব্যাংকে যোগ দেওয়ার আগে ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। তিনি বেসরকারি খাতের এবি ব্যাংকের এমডি পদে যোগদান করবেন– এমন আলোচনার মধ্যে ন্যাশনাল ব্যাংক ছাড়লেন।
জানা গেছে, বিগত সরকারের সময়ে ব্যাপক অনিয়ম-জালিয়াতির কারণে ন্যাশনাল ব্যাংক দীর্ঘদিন ধরে ধুঁকছে। এর মধ্যে ২০২৪ সালের আগস্টে সরকার পরিবর্তনের পর বিশিষ্ট ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টুর নেতৃত্বে ছয় সদস্যের পরিচালনা পর্ষদ গঠন করে দেয় বাংলাদেশ ব্যাংক। আবদুল আউয়াল মিন্টু এবং ব্যাংকটির আরেক পরিচালক জাকারিয়া তাহের মন্ত্রী হওয়ার পর তারা এখন আর পর্ষদে নেই।
২০০৯ সাল থেকে ব্যাংকটির নিয়ন্ত্রণ ছিল জয়নুল হক সিকদার পরিবারের হাতে। তখন নিয়মবহির্ভূতভাবে এক পরিবার থেকে পাঁচজন পরিচালক, বেনামি ঋণ, কমিশনের বিপরীতে ঋণ, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ ওঠে। নানা অনিয়ম ঠেকাতে ব্যর্থ হয়ে ২০২৪ সালের মে মাসে এনবিএলের নিয়ন্ত্রণ এস আলম গ্রুপ ও কেডিএস গ্রুপের হাতে তুলে দেয় কেন্দ্রীয় ব্যাংক।
- বিষয় :
- পদত্যাগ
- ন্যাশনাল ব্যাংক