ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

রপ্তানি বাণিজ্যের নির্দেশনা হালনাগাদ, ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের জন্য নতুন বিধান

রপ্তানি বাণিজ্যের নির্দেশনা হালনাগাদ, ডিজিটাল ট্রেড ও ফ্রিল্যান্সারদের জন্য নতুন বিধান
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৬ | ১৭:১৯

রপ্তানি বাণিজ্য-সংক্রান্ত সমন্বিত নির্দেশনা হালনাগাদ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনায় ডিজিটাল বাণিজ্য সম্প্রসারণ, বিকল্প ট্রেড ফাইন্যান্সের প্রসার এবং সেবা ও ই-কমার্সভিত্তিক রপ্তানি খাতকে সহায়তা দিতে একাধিক নতুন বিধান যুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক এক বছরের জন্য নতুন সমন্বিত রপ্তানি বাণিজ্যবিষয়ক সার্কুলার জারি করে। এটি ৩১ জুলাই ২০২৫ সালের সার্কুলারের পরিবর্তে কার্যকর হয়েছে। নতুন সার্কুলারে রপ্তানি-সংক্রান্ত বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনার সব নির্দেশনা একত্রিত করার পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থার পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন নীতিগত পরিমার্জন আনা হয়েছে।

১৬টি অংশে বিভক্ত সার্কুলারটিতে কাগজবিহীন বা ডিজিটাল বাণিজ্যের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এতে ডকুমেন্টারি কালেকশনের আওতায় রপ্তানি দলিলের ইলেকট্রনিক উপস্থাপন এবং অনুমোদিত ট্রেড করিডরের মাধ্যমে ডকুমেন্টারি কালেকশন ও এলসি ব্যবস্থায় ডিজিটাল ট্রেড ডকুমেন্ট প্রক্রিয়াকরণের পাইলট কাঠামো চালুর নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া সাপ্লাই চেইন ফাইন্যান্সসহ বিকল্প ট্রেড ফাইন্যান্স ব্যবস্থার জন্য একটি নতুন ফ্রেমওয়ার্ক সংযোজন করা হয়েছে। একই সঙ্গে প্রথমবারের মতো ফ্রিল্যান্সার ও ব্যক্তি পর্যায়ের সেবা রপ্তানিকারকদের বৈদেশিক মুদ্রা লেনদেন নিয়ে পৃথক একটি অধ্যায় যুক্ত করা হয়েছে। এর ফলে ডিজিটাল পেমেন্ট চ্যানেলের মাধ্যমে তাদের রপ্তানি আয় দেশে আনা আরও সহজ হবে।

নতুন নির্দেশনায় ওপেন অ্যাকাউন্টভিত্তিক রপ্তানি, ই-কমার্স ও সেবা রপ্তানিসহ উদীয়মান খাতের বিধান সম্প্রসারণ করা হয়েছে। পাশাপাশি রপ্তানি ঘোষণা, রপ্তানি আয় দেশে প্রত্যাবাসন, এক্সপোর্টার্স রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাব, বিশেষায়িত অঞ্চলের রপ্তানি, মার্চেন্টিং ট্রেড, কাউন্টার-ট্রেড, এন্ট্রেপো ট্রেড এবং রপ্তানিকারকদের জন্য বৈদেশিক মুদ্রা-টাকা সোয়াপ সুবিধাসংক্রান্ত বিদ্যমান নির্দেশনাগুলো বহাল রাখা হয়েছে।

ব্যবসায়ী নেতারা নতুন নির্দেশিকাকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, ডিজিটাল ট্রেড ডকুমেন্টেশন, বিকল্প ট্রেড ফাইন্যান্স এবং ফ্রিল্যান্সারদের জন্য পৃথক বিধান দেশের রপ্তানি খাতের পরিবর্তিত বাস্তবতাকে প্রতিফলিত করেছে। তবে এসব উদ্যোগের সুফল নিশ্চিত করতে কার্যকর বাস্তবায়ন, উন্নত ডিজিটাল অবকাঠামো এবং ব্যাংক ও রপ্তানিকারকদের সক্ষমতা বৃদ্ধি জরুরি বলেও তারা মত দিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের নতুন সার্কুলারটি ২৯ জুলাই ২০২৭ পর্যন্ত রপ্তানি-সংক্রান্ত বৈদেশিক মুদ্রা লেনদেনের নির্দেশনা হিসেবে কার্যকর থাকবে।

আরও পড়ুন

×