ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে শ্রমমন্ত্রী

শ্রমিকের কল্যাণে সমন্বিত কর্মপরিকল্পনা নেওয়া হবে

শ্রমিকের কল্যাণে  সমন্বিত কর্মপরিকল্পনা নেওয়া হবে
×

আরিফুল হক চৌধুরী

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬ | ০৮:২০

| প্রিন্ট সংস্করণ

শ্রমিকের স্বাস্থ্যসেবা, জীবন বীমা ও সার্বিক কল্যাণ নিশ্চিতে বেসরকারি খাতের সঙ্গে যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। এই কাজে লালফিতার দৌরাত্ম্য কমিয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং চলতি মাসের মধ্যেই সংশ্লিষ্ট পক্ষগুলোকে নিয়ে একটি সমন্বিত কর্মপরিকল্পনা নেওয়ার কথা জানিয়েছেন তিনি। 
গতকাল বৃহস্পতিবার রাজধানীর হোটেল আমারিতে তৈরি পোশাক খাতের নিটওয়্যার উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিকেএমইএ ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এমওইউ অনুযায়ী, বিকেএমইএর সদস্য কারখানার কর্মীরা বছরে মাত্র ২৫০ টাকা জমা দিয়ে গার্ডিয়ানের সমন্বিত ইন্স্যুরেন্স সেবা গ্রহণ করতে পারবেন। এতে লাইফ ইন্স্যুরেন্স সুরক্ষার পাশাপাশি থাকছে ২৪ ঘণ্টা টেলিমেডিসিন সেবা এবং ৫শর বেশি হাসপাতালে ডিসকাউন্ট সুবিধা পাবেন। এই সুবিধা কর্মী ও কর্মকর্তাদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও পাবেন। সমঝোতা স্মারকে সই করেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম ও বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম। 
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কো-ফাউন্ডার তপন চৌধুরী, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের স্পনসর ডিরেক্টর সৈয়দ নাসিম মঞ্জুর ও বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ রাশেদ।
শ্রমমন্ত্রী বলেন, বিকেএমইএ, গার্ডিয়ান লাইফ ও বিশেষজ্ঞদের নিয়ে দ্রুত মন্ত্রণালয়ে বৈঠক করে শ্রমিকের স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা সংক্রান্ত কর্মপরিকল্পনা তৈরি করা হবে। বাস্তবায়ন ত্বরান্বিত করতে প্রশাসনিক জটিলতা দূর করা হবে।

আরও পড়ুন

×