ব্যবসা সহজ করতে জাতীয় টাস্কফোর্স গঠন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ | ২০:৫০
ব্যবসা-বাণিজ্য সহজ করতে ২২ সদস্যের জাতীয় টাস্কফোর্স গঠন করেছে সরকার। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি করে গঠিত এই টাস্কফোর্সে সরকারি সংস্থার শীর্ষ কর্মকর্তাদের পাশাপাশি ব্যবসায়ী প্রতিনিধিদেরও রাখা হয়েছে।
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ‘বিনিয়ন্ত্রণ ও ব্যবসা সহজীকরণবিষয়ক জাতীয় টাস্কফোর্স’ গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়। বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে ব্যবসা সহজ করার প্রতিশ্রুতি দিয়েছে। চলতি অর্থবছরের বাজেট বক্তৃতায়ও এ বিষয়ে ঘোষণা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যবসায়ীদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন। এসব উদ্যোগের অংশ হিসেবেই টাস্কফোর্স গঠন করা হয়েছে বলে জানা গেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, টাস্কফোর্সের সাত ধরনের কাজ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে বাণিজ্যের ওপর নিয়ন্ত্রণ কমানোর পথনকশা তৈরি ও বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা অন্যতম। লাইসেন্স, অনুমোদন, ছাড়পত্র, কর, শুল্ক, ব্যাংকিং, পুঁজিবাজার, নির্মাণ, পরিবেশ ও স্থানীয় সেবায় অপ্রয়োজনীয় ধাপ চিহ্নিত করে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়াও এর কাজ।
এ ছাড়া সিঙ্গেল উইন্ডোতে স্বয়ংক্রিয় অনুমোদন ও অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা, আন্তমন্ত্রণালয় ও আন্তসংস্থার জটিলতা দ্রুত নিষ্পত্তি, আইন-বিধি-নীতিমালা সংশোধনের প্রয়োজনীয়তা চিহ্নিত করা এবং বিনিয়োগকারী ও সেবাগ্রহীতার অভিযোগ, অনিয়ম ও বিলম্ব তদারকি করবে টাস্কফোর্স। প্রতি তিন মাসে অগ্রগতি পর্যালোচনা করা হবে।
টাস্কফোর্সে শিল্প ও বাণিজ্যমন্ত্রী, আইনমন্ত্রী, অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ বিভিন্ন সরকারি সংস্থার শীর্ষ নির্বাহীরা রয়েছেন। ব্যবসায়ী সমাজের প্রতিনিধিত্ব করছেন এফবিসিসিআই, এফআইসিসিআই, ঢাকা চেম্বার ও এমসিসিআইয়ের সভাপতিরা। অর্থ বিভাগ সাচিবিক দায়িত্ব পালন করবে।
- বিষয় :
- ব্যবসা
- টাস্কফোর্স কমিটি