জুলাইয়ে মূল্যস্ফীতি কিছুটা কমে ৮ দশমিক ৩২ শতাংশ
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ২১:০৫ | আপডেট: ১১ আগস্ট ২০২৬ | ২২:১৬
দেশে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি কমে হয়েছে ৮ দশমিক ৩২ শতাংশ। আগের মাস জুনে এই হার ছিল ৯ দশমিক ১৬ শতাংশ। খাদ্য ও খাদ্যবহির্ভূত—দুই খাতেই মূল্যস্ফীতি কমেছে।
মঙ্গলবার মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
বিবিএসের তথ্য অনুযায়ী, জুলাইয়ে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক ১৬ শতাংশ, যা আগের মাস অর্থাৎ জুলে ছিল ৮ দশমিক ৬০ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে খাদ্যপণ্যের মূল্যস্ফীতি কমে ১ দশমিক ৪৪ শতাংশ।
অন্যদিকে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি জুলাইয়ে ছিল ৯ দশমিক ২৮ শতাংশ, যা আগের মাসে ছিল ৯ দশমিক ৬১ শতাংশ।
বিবিএসের পরিসংখ্যানে দেখা গেছে, শহরের তুলনায় গ্রামাঞ্চলে মূল্যস্ফীতি কিছুটা বেশি। জুলাইয়ে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৩৬ শতাংশ। আর শহরাঞ্চলে এ হার ছিল ৮ দশমিক ২৪ শতাংশ।
চলতি অর্থবছরের বাজেটে বার্ষিক গড় মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশের মধ্যে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অর্থনীতিতে টেকসই শৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে সাধারণ মানুষের স্বস্তি ও ক্রয়ক্ষমতা পুনরুদ্ধার করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।
- বিষয় :
- বিবিএস
- মূল্যস্ফীতি