ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২৬

দেশে উদ্ভাবিত প্রাণিসম্পদের ২ ভ্যাকসিন বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে

দেশে উদ্ভাবিত প্রাণিসম্পদের ২ ভ্যাকসিন বাণিজ্যিক উৎপাদনে যাচ্ছে
×

ছবি- সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ | ০৩:৫৫

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের (বিএলআরআই) উদ্ভাবিত এভিয়ান ইনফ্লুয়েঞ্জা ও গোটপক্সের ভ্যাকসিন বাণিজ্যিকভাবে উৎপাদন করে খামারি পর্যায়ে সরবরাহ করা হবে। গতকাল মঙ্গলবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভ্যাকসিন দুটি প্রাণিসম্পদ অধিদপ্তরের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, প্রাণিসম্পদ ও পোলট্রি খাতে রোগব্যাধি নিয়ন্ত্রণ করা না গেলে খামারিরা বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারেন। বিশেষ করে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার মতো রোগ পোলট্রি উৎপাদন ও খামার ব্যবস্থাপনায় বড় প্রভাব ফেলতে পারে। তাই দেশে কার্যকর ভ্যাকসিন উদ্ভাবন ও উৎপাদনের সক্ষমতা বাড়ানো গুরুত্বপূর্ণ।

মন্ত্রী আরও বলেন, ভ্যাকসিন হস্তান্তরের বিষয়টি শুধু আনুষ্ঠানিকতা নয়, গবেষণাগারে অর্জিত জ্ঞান ও উদ্ভাবন মাঠপর্যায়ের খামারিদের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দেশীয় প্রযুক্তি ও গবেষণার মাধ্যমে উদ্ভাবিত এসব ভ্যাকসিন রোগ নিয়ন্ত্রণের পাশাপাশি উৎপাদন ব্যয় কমাতে এবং ভ্যাকসিনের আমদানিনির্ভরতা কমাতে ভূমিকা রাখবে।

দীর্ঘদিন ধরে গবেষণা করে এবং বিভিন্ন প্রতিকূলতা পেরিয়ে বিএলআরআইয়ের বিজ্ঞানীরা দেশীয় প্রযুক্তি ও উপকরণ ব্যবহার করে ভ্যাকসিন দুটি উদ্ভাবন করেছেন জানিয়ে মন্ত্রী বলেন, কোনো উদ্ভাবন গবেষণাগারে সম্পন্ন হওয়ার পর তা মানুষের কাজে না এলে গবেষণার সুফল পাওয়া যায় না। তাই এখন গবেষণালব্ধ উদ্ভাবনকে বাণিজ্যিক উৎপাদনের পর্যায়ে নেওয়া এবং খামারিদের মধ্যে এর ব্যবহার নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশে ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা তৈরি হওয়ায় আমদানিনির্ভরতা কমবে এবং ধীরে ধীরে স্বয়ংসম্পূর্ণতার দিকে এগোনো সম্ভব হবে। ওষুধ ও ভ্যাকসিন উৎপাদনে দেশ যত স্বয়ংসম্পূর্ণ হবে, উৎপাদন ব্যয় তত কমবে। এর প্রভাব খাদ্য ও প্রাণিসম্পদজাত পণ্যের দামেও পড়বে।

আরও পড়ুন

×