ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২৬

জ্ঞান-পাঠচর্চার বার্তা ছড়িয়ে শেষ হলো ডিআইইউ বইমেলা

জ্ঞান-পাঠচর্চার বার্তা ছড়িয়ে শেষ হলো ডিআইইউ বইমেলা
×

ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ | ১৯:১৫

বই, পাঠ ও জ্ঞানচর্চার বার্তা ছড়িয়ে তিন দিনব্যাপী ‘ডিআইইউ বইমেলা ২০২৬’ শেষ হয়েছে। ৯ থেকে ১১ আগস্ট ড্যাফোডিল স্মার্ট সিটির নলেজ টাওয়ারের স্টুডেন্ট লাউঞ্জে অনুষ্ঠিত এ বইমেলায় প্রতিদিন সাত হাজারের বেশি দর্শনার্থীর সমাগম হয়েছে।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) লাইব্রেরি ও ডিআইইউ প্রেস যৌথভাবে এ মেলার আয়োজন করে।

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহযোগিতায় দেশের ২১টি স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান মেলায় অংশ নেয়। মেলার অফিসিয়াল স্পনসর ছিল ইউজিসির বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (BdREN)।

গত ৯ আগস্ট মেলার উদ্বোধন করেন ডিআইইউর ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল। এ সময় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, BdREN-এর প্রতিনিধিরা এবং দেশের বিশিষ্ট লেখকেরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর ভারপ্রাপ্ত উপাচার্যসহ অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রকাশকদের সঙ্গে বই ও প্রকাশনা নিয়ে কথা বলেন।

মেলার বিভিন্ন স্টলে বাংলা ও ইংরেজি ভাষার সাহিত্য, উপন্যাস, গল্প, কবিতা, প্রবন্ধ, একাডেমিক ও গবেষণাধর্মী বইসহ নানা ধরনের প্রকাশনা প্রদর্শন ও বিক্রি করা হয়। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকেরা নিজেদের প্রয়োজন ও আগ্রহ অনুযায়ী বই কেনার সুযোগ পান।

প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, গবেষকসহ ডিআইইউ পরিবারের সদস্যদের জন্য মেলা উন্মুক্ত ছিল। তিন দিনজুড়ে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও গবেষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসে বই ও জ্ঞানচর্চাকে ঘিরে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, জ্ঞানভিত্তিক ও সৃজনশীল সমাজ গঠনে বই পড়ার অভ্যাস গুরুত্বপূর্ণ। একাডেমিক পড়াশোনার পাশাপাশি নিয়মিত বই পড়া শিক্ষার্থীদের চিন্তাশক্তি, সৃজনশীলতা ও জ্ঞানকে সমৃদ্ধ করে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের নতুন বই ও লেখকের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি জ্ঞান অনুসন্ধানের আগ্রহ বাড়াতে ভূমিকা রাখে।

মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন স্টলে দর্শনার্থীদের জন্য বিভিন্ন ধরনের বই প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা ছিল। তিন দিনজুড়ে শিক্ষার্থীরা নিজেদের পছন্দের বই সংগ্রহের পাশাপাশি বিভিন্ন প্রকাশনা ও নতুন বই সম্পর্কে জানার সুযোগ পান। বইমেলার মাধ্যমে একাডেমিক পড়াশোনার পাশাপাশি সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, গবেষণা ও সমসাময়িক নানা বিষয়ে বই পড়ার সুযোগ তৈরি হয়।

আয়োজকেরা জানান, ‘ডিআইইউ বইমেলা ২০২৬’-এ বিশ্ববিদ্যালয় পরিবারের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ শিক্ষার্থীদের মধ্যে বই ও পাঠচর্চার আগ্রহের প্রতিফলন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও নিয়মিত পাঠাভ্যাসে উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন

×