শেষ হলো তিন দিনের জাতীয় সম্মেলন
এসডিজির বাস্তবায়ন কৌশলে সংস্কারের তাগিদ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ | ০৭:৪৮
| প্রিন্ট সংস্করণ
টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি অর্জনে সব পক্ষের অংশগ্রহণ প্রয়োজন। বিশেষত বেসরকারি খাতকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। এছাড়া উন্নয়ন সহযোগী, নাগরিক সমাজ ও সাধারণ মানুষের সমন্বিত অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ-সংক্রান্ত সব কার্যক্রমই বৈশ্বিক ও অভ্যন্তরীণ পরিবর্তিত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এজন্য উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশলে প্রয়োজনীয় সংস্কার আনা প্রয়োজন।
গতকাল বুধবার এসডিজি বিষয়ে তিন দিনের জাতীয় সম্মেলনের সমাপনী অধিবেশনে এমন তাগিদ দেন বক্তারা। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গত সোমবার সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গর্ভন্যান্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) ও পরিকল্পনা কমিশনে সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) যৌথভাবে সম্মেলনের আয়োজন করে। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম এ আয়োজনে যুক্ত ছিল।
সমাপনী অধিবেশেনের প্রধান অতিথি অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এসডিজি অর্জনে উল্লেখযোগ্য অগ্রগতি রয়েছে। তবে বৈশ্বিক ও অভ্যন্তরীণ বাস্তবতার পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশলে প্রয়োজনীয় সংস্কার আনা প্রয়োজন। শুধু লক্ষ্য নির্ধারণ করলেই হবে না, নির্ধারিত লক্ষ্য অর্জনে সঠিক তথ্য, কার্যকর পরিকল্পনা, পর্যাপ্ত অর্থায়ন এবং বাস্তবায়নের কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে।
দারিদ্র্য বিমোচনের গতি কমে গেছে
সমাপনী দিনে প্রথম অধিবেশনের শিরোনাম ছিল–অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, সংস্কার ও উন্নয়নে পঞ্চবার্ষিক কৌশলগত কাঠামো ও এসডিজি। এতে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন। সভাপতিত্ব করেন এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, এসডিজি বাস্তবায়নে বাংলাদেশের অবস্থান এখন ১১০তম। হাতে সময় আছে পাঁচ বছরের কম। ফলে এখন দ্রুতগতিতে এগোতে হবে। বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বাস্তবায়িত হচ্ছে। সরকার সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায়।
সভাপতির বক্তব্যে ড. দেবপ্রিয় বলেন, প্রবৃদ্ধির হার কত হচ্ছে, শুধু তা দেখলে হবে না, কাঠামো ও গুণগত মান দেখতে হবে। সম্প্রতি দারিদ্র্য বিমোচনের গতি কমে গেছে, বেড়েছে বৈষম্য। বাস্তবতা হলো, প্রতি তিনজন শিক্ষিত ব্যক্তির মধ্যে একজন বেকার।
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) না পাওয়া প্রসঙ্গে একজন বক্তার অভিযোগ প্রসঙ্গে ড. দেবপ্রিয় বলেন, যারা এনআইডি পাননি, তাঁরা সরকারের বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এনআইডি হলো অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের প্রথম পদক্ষেপ। সবাইকে অন্তর্ভুক্ত করে নীতি প্রণয়ন করতে হবে।
সংসদ সদস্য সেলিমা রহমান বলেন, মূলত জন্মনিবন্ধন না থাকায় এনআইডি নিয়ে এমন জটিলতা হয়। এ সমস্যা সমাধানে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।
চাল ও মাংসের দাম কমার ফলে মূল্যস্ফীতি কমেছে
সমাপনী অধিবেশন শেষে মিডিয়া ব্রিফিং করেন অর্থমন্ত্রী। এ সময় মূল্যস্ফীতিসংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, চাল ও মাংসের দাম কমার ফলেই জুলাই মাসে মূল্যস্ফীতি গত আট মাসের মধ্যে সবচেয়ে কম হয়েছে।
একজন সংবাদিক মন্ত্রীর কাছে জানতে চান যে, বিবিএসের প্রতিবেদনে জুলাইয়ে মূল্যস্ফীতি ৮ দশমিক ৩২ শতাংশ দেখানো হয়েছে; যা সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য নয়। জুলাই মাসে বাজারে নিত্যপণ্যের দাম ছিল বেশি। সরকার বলছে মূল্যস্ফীতি কমেছে। এর কারণ কী? জবাবে মন্ত্রী বলেন, মূল্যস্ফীতির যে তথ্য দেওয়া হয়েছে, এর মধ্যে তিনি দুটি জিনিস পরীক্ষা করে দেখেছেন। চালের দাম কমেছে। মাংসের দাম কমেছে। একাধিকবার যাচাই করা হয়েছে। মূল্যস্ফীতির তথ্য সঠিকভাবে দেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহার শতভাগ বাস্তবায়ন করা সম্ভব হলে এসডিজির নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়া সম্ভব হবে।
- বিষয় :
- এসডিজি