এসএস পাওয়ারের এলসি খোলায় বিশেষ অনুমতি
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬ | ২০:৪৮
ঋণখেলাপি এস আলম গ্রুপের মালিকানাধীন এসএস পাওয়ারের এলসি খোলার অনুমোদন দিল বাংলাদেশ ব্যাংক। শতভাগ নগদ মার্জিনের বিপরীতে রাষ্ট্রীয় মালিকানার রূপালী ব্যাংক এলসি খুলতে পারবে। আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানটিকে বিশেষ এ ছাড় দেওয়া হয়েছে। আজ রোববার এ সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকে পাঠানো হয়।
এস এস পাওয়ার প্ল্যান্ট হলো চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারা এলাকায় অবস্থিত ১ হাজার ৩২০ মেগাওয়াটের বেসরকারি কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র। এস আলম গ্রুপ এবং চীনা কোম্পানির যৌথ মালিকানায় ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করে জাতীয় গ্রিডে সরবরাহ করছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, দেশের বিভিন্ন ব্যাংক থেকে নামে–বেনামে অন্তত ২ লাখ ২৫ হাজার কোটি টাকা নিয়ে গেছে এস আলম গ্রুপ। যার বড় অংশই এখন খেলাপি। কোনো খেলাপি প্রতিষ্ঠানের অনুকূলে এলসিসহ কোনো ধরনের ঋণ সুবিধা দিতে পারে না ব্যাংক।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রূপালী ব্যাংককে এস এস পাওয়ার–১ লিমিটেডের অনুকূলে শতভাগ নগদ মার্জিনে আমদানি ঋণপত্র খোলার অনুমতি দেওয়া হলো। ব্যাংক কোম্পানি আইনের ১২১ ধারার ক্ষমতা বলে সরকারের সাথে পরামর্শ করে এ সুবিধা দেওয়া হয়েছে।
- বিষয় :
- এস আলম গ্রুপ
- বাংলাদেশ ব্যাংক
- এলসি