দেশে ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে চান ইউএই প্রবাসীরা
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬ | ২১:৪৩
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বসবাসকারী বাংলাদেশি ব্যবসায়ী ও উদ্যোক্তারা দেশে প্রায় ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে আগ্রহী। তবে শর্ত হচ্ছে, সরকারের পক্ষ থেকে নির্বিঘ্ন অনুমোদন, জমি ইজারা ব্যবস্থা, অবকাঠামো ও বিনিয়োগ সুরক্ষার নিশ্চয়তা থাকতে হবে।
আজ সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পারসন (সিআইপি) বিজনেস অ্যাসোসিয়েশনের সদস্যরা এ বিনিয়োগ পরিকল্পনার কথা প্রকাশ করেন। রাজধানীর পল্টনে অর্থনৈতিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে আয়োজিত এতে অ্যাসোসিয়েশনের সদস্য সচিব মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, প্রস্তাবিত বিনিয়োগে ডিজিটাল ও এআই-ভিত্তিক ইসলামিক ব্যাংকিং, ড্রাই ফুড প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, ই-রেন্টাল সার্ভিস, সোলার প্যানেল ও নবায়নযোগ্য শক্তি, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা অন্তর্ভুক্ত থাকবে।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী প্রতিনিধিরা সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শ্রমিকদের দীর্ঘদিনের ভিসা সমস্যা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, বাংলাদেশি শ্রমিকরা প্রায় ১২ বছর ধরে ইউএই-র ভেতরে নিয়োগকর্তা পরিবর্তন করতে পারছেন না, যার ফলে অনেকেই তাদের চাকরি ও জীবিকা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। তারা এ সুবিধা পুনঃপ্রতিষ্ঠায় দুই দেশের সরকারের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনার আহ্বান জানান। সম্প্রতি ভিসা বাতিলের কারণে প্রবাসী হাজার হাজার বাংলাদেশি দেশে এসে আটকা পড়েছেন, যদিও তাদের অনেকেরই ইউএই-তে চাকরি, ব্যবসা ও পরিবার রয়েছে। এই পরিস্থিতিতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের একটি তালিকা তৈরি এবং তাদের ফিরে যাওয়ার সুবিধার্থে ইউএই কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আহ্বান জানান। বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেটে দক্ষ ও অভিজ্ঞ কর্মকর্তা নিয়োগ, ২৪ ঘণ্টার জরুরি হেল্পলাইন ও ডিজিটাল অভিযোগ ব্যবস্থা চালু করা এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে প্রবাসী সহায়তা সেল গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে সংগঠনের পক্ষ থেকে।
সংবাদ সম্মেলনে মোট ১৫টি প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে–ভিসা সমস্যার সমাধান, দেশত্যাগের আগে ভাষা ও দক্ষতার প্রশিক্ষণ প্রদান, প্রবাসী কার্ড ইস্যু করা, কর্মীদের স্থানীয় আইন সম্পর্কে শিক্ষিত করা, সরকারি খরচে মৃত প্রবাসীদের লাশ দেশে ফিরিয়ে আনা, স্বাস্থ্যসেবার সুযোগ উন্নত করা, রেমিট্যান্স প্রণোদনা বৃদ্ধি করা, বিমান ভাড়া কমানো এবং প্রবাসীদের সম্পদ ও বিনিয়োগের সুরক্ষা জোরদার করা। এছাড়াও তারা ঋণ ও বীমা সুবিধার সহজলভ্যতা এবং সংকটের সময় মধ্যপ্রাচ্যে বসবাসকারী বাংলাদেশিদের জন্য জরুরি সহায়তার দাবি জানান।
সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ রুবেল বলেন, এসব প্রস্তাব নিয়ে তারা পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সরকার খুব দ্রুতই সমস্যাগুলো সমাধানের আশ্বাস দিয়েছে।
- বিষয় :
- সংযুক্ত আরব আমিরাত
- বিনিয়োগ