ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

কমিউনিটি ব্যাংক-নগদের কৌশলগত অংশীদারত্ব

রেমিট্যান্স, অ্যাড মানি ও ফান্ড ট্রান্সফারে মিলবে নতুন ডিজিটাল সুবিধা

রেমিট্যান্স, অ্যাড মানি ও ফান্ড ট্রান্সফারে মিলবে নতুন ডিজিটাল সুবিধা
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ | ০৪:১৪

ডিজিটাল আর্থিক সেবা সম্প্রসারণে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি ও মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ কৌশলগত অংশীদারত্বে যুক্ত হয়েছে। এর ফলে কমিউনিটি ব্যাংকের গ্রাহকেরা নগদ ওয়ালেটে সরাসরি অ্যাড মানি, ব্যাংক হিসাব ও নগদ ওয়ালেটের মধ্যে দ্বিমুখী ফান্ড ট্রান্সফার এবং দ্রুত রেমিট্যান্স গ্রহণের সুবিধা পাবেন।

বৃহস্পতিবার রাজধানীর পুলিশ প্লাজা কনকর্ডে কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ–সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং নগদের বাংলাদেশ ব্যাংক–নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

চুক্তির আওতায় কমিউনিটি ব্যাংকের গ্রাহকেরা সরাসরি নগদ ওয়ালেটে অর্থ যোগ (অ্যাড মানি) করতে পারবেন। পাশাপাশি ব্যাংক হিসাব ও নগদ ওয়ালেটের মধ্যে তাৎক্ষণিকভাবে অর্থ স্থানান্তরের সুবিধাও চালু হবে। এতে গ্রাহকদের দৈনন্দিন ডিজিটাল লেনদেন আরও সহজ ও দ্রুত হবে বলে জানিয়েছে দুই প্রতিষ্ঠান।

অংশীদারত্বের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো রেমিট্যান্স সেবা সম্প্রসারণ। কমিউনিটি ব্যাংকের মাধ্যমে দেশে আসা বৈদেশিক রেমিট্যান্স নগদের বিস্তৃত এজেন্ট ও ডিজিটাল নেটওয়ার্ক ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তের সুবিধাভোগীদের কাছে দ্রুত পৌঁছে দেওয়া যাবে। বিশেষ করে প্রান্তিক এলাকার গ্রাহকেরা এ সুবিধায় উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

এ ছাড়া গ্রাহক অনবোর্ডিং এবং দুই প্রতিষ্ঠানের প্রযুক্তিগত সিস্টেম সমন্বয় (সিস্টেম ইন্টিগ্রেশন) আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কমিউনিটি ব্যাংকের ডিজিটাল সেবার পরিধি এবং গ্রাহকপ্রাপ্তির সক্ষমতা বাড়বে।

অনুষ্ঠানে মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, “নগদের শক্তিশালী নেটওয়ার্ক ও ডিজিটাল সক্ষমতাকে কাজে লাগিয়ে কমিউনিটি ব্যাংকের সেবা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে রেমিট্যান্স ও ডিজিটাল লেনদেনে গ্রাহকেরা আরও দ্রুত ও কার্যকর সেবা পাবেন।”

মো. মোতাছিম বিল্লাহ বলেন, “গ্রাহকদের জন্য সহজ ও দ্রুত ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করতে আমরা ব্যাংকগুলোর সঙ্গে অংশীদারত্ব সম্প্রসারণ করছি। কমিউনিটি ব্যাংকের সঙ্গে এই সমন্বয়ের ফলে রেমিট্যান্স, অ্যাড মানি ও ফান্ড ট্রান্সফারের মতো গুরুত্বপূর্ণ সেবাগুলো আরও সহজলভ্য হবে।”

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক ও নগদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

আরও পড়ুন

×