ঢাকা বুধবার, ২৬ আগস্ট ২০২৬

শিক্ষার্থীদের নগদ অ্যাকাউন্ট খোলা সহজ করতে বিডিআরআইএসের সঙ্গে নগদের চুক্তি

শিক্ষার্থীদের নগদ অ্যাকাউন্ট খোলা সহজ করতে বিডিআরআইএসের সঙ্গে নগদের চুক্তি
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ | ১৭:১৭

জন্মসনদের মাধ্যমে ১৮ বছরের কম বয়সী কিশোর ও শিক্ষার্থীদের ডিজিটাল অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া সহজ করতে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যালয়ের (বিডিআরআইএস) সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবা নগদ।

মঙ্গলবার জন্ম ও মৃত্যু নিবন্ধন পরিচালকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ এবং বিডিআরআইএসের রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত দায়িত্ব) ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এতে স্বাক্ষর করেন।

সাধারণত জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে গ্রাহকের পরিচয় যাচাই করে নগদ। তবে ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের এনআইডি না থাকায় তাদের অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এতদিন জটিলতা ছিল। নতুন চুক্তির আওতায় এসব শিক্ষার্থী জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে অ্যাকাউন্ট খোলার সুযোগ পাবেন।

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ১৪ থেকে ১৮ বছর বয়সী গ্রাহকদের সরকারি উপবৃত্তি ও আর্থিক সহায়তা পাওয়ার জন্য অ্যাকাউন্ট খুলতে জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করতে হয়।

চুক্তির ফলে নগদ সরাসরি সরকারি জন্ম নিবন্ধন তথ্যভান্ডারের সঙ্গে যুক্ত হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের জন্ম নিবন্ধনসংক্রান্ত তথ্য তাৎক্ষণিকভাবে ও স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা যাবে। ফলে কাগজপত্রের ঝামেলা ছাড়াই দ্রুত অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে।

নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, বিডিআরআইএসের সঙ্গে চুক্তির ফলে এনআইডি না থাকা ১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীদের অ্যাকাউন্ট খোলার জটিলতা দূর হবে। শিক্ষার্থীদের অ্যাকাউন্ট তাদের অভিভাবকদের সঙ্গে যুক্ত থাকবে। ফলে বাবা-মা চাইলে তাদের সন্তানেরা কোথায় টাকা খরচ করছে, তা দেখতে পারবেন।

তিনি বলেন, সরকারি জন্ম নিবন্ধন তথ্যভান্ডারের সঙ্গে সরাসরি সংযুক্তির ফলে কাগজপত্র ছাড়াই দ্রুত শিক্ষার্থীদের তথ্য যাচাই করা সম্ভব হবে। এতে সরকারি উপবৃত্তির অর্থ পাওয়ার প্রক্রিয়াও সহজ হবে।

বিডিআরআইএসের রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত দায়িত্ব) ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, নগদের সঙ্গে এ সমঝোতা স্মারক জন্ম নিবন্ধন সেবাকে আরও কার্যকর ও নাগরিকবান্ধব করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্বয়ংক্রিয়ভাবে জন্মসনদ যাচাইয়ের ব্যবস্থা চালু হওয়ায় দ্রুত পরিচয় নিশ্চিত করা সম্ভব হবে। এটি সরকারি উপবৃত্তি বিতরণে স্বচ্ছতা ও নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিডিআরআইএসের উপ-রেজিস্ট্রার জেনারেল মো. লুৎফুর রহমান, সহকারী রেজিস্ট্রার জেনারেল সামিউল ইসলাম রাহাদ ও প্রোগ্রামার ফাহমিদা শিরিন উপস্থিত ছিলেন।

এ ছাড়া নগদের সহযোগী প্রশাসক চয়ন বিশ্বাস, চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার মো. সামসুল ইসলাম, করপোরেট অ্যাফেয়ার্স এক্সপার্ট ও বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি মাসউদুল হক এবং নগদের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স বিভাগের প্রধান মুহাম্মদ জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×