ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সম্মিলিত ইসলামী ব্যাংক

১৮ হাজার গ্রাহকের ১৩০০ কোটি টাকা তোলার আবেদন

১৮ হাজার গ্রাহকের ১৩০০ কোটি টাকা তোলার আবেদন
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:০৩

সম্মিলিত ইসলামী ব্যাংক ব্যক্তি আমানতকারীর পুরো অর্থ ফেরত দেওয়ার আবেদন নেওয়ার প্রথম দিন গতকাল মঙ্গলবার ১৮ হাজার গ্রাহক ১৩শ কোটি টাকা তুলতে চেয়েছেন। এর মধ্যে মেয়াদি আমানতের পুরোটাই তুলে নিয়ে এক্সিটের আবেদন এসেছে ২৪৫ কোটি টাকার। আগামী ৭ সেপ্টেম্বর থেকে এসব আমানত ফেরত দেওয়া শুরু করবে ব্যাংক। ব্যাংকটির জন্য গত বছর ঘোষিত স্কিমের সংশোধনী এনে এ অর্থ ফেরত দেওয়া হচ্ছে।

বিভিন্ন অনিয়ম জালিয়াতির কারণে ২০২২ সাল থেকে আমানত ফেরত দিতে পারছিলো না কয়েকটি ব্যাংক। অন্তবর্তীকালিন সরকারের সময়ে দুর্দশাগ্রস্ত এক্সিম, সোস্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন হয়। ব্যাংকটির ৩০ হাজার কোটি টাকা মূলধনের মধ্যে সরকার দিয়েছে ২০ হাজার কোটি টাকা। ব্যাংকগুলোতে প্রায় ৭৬ লাখ আমানতকারীর এক লাখ ৪২ হাজার কোটি টাকা জমা আছে। এর মধ্যে ব্যক্তি আমানতকারীল সঞ্চয়ী হিসাবে রয়েছে ১৫ হাজার কোটি টাকা। এসব ব্যাংকের এক লাখ ৯২ হাজার কোটি টাকা ঋণের প্রায় ৮৬ শতাংশ খেলাপি।

বাংলাদেশ ব্যাংক গতবছরের ডিসেম্বরে সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরতের একটি স্কিম ঘোষণা করে। ওই স্কিমের আওতায় সব ধরনের চলতি ও সঞ্চয়ী হিসাবধারীকে আমানত বীমা ট্রাস্ট তহবিল থেকে ২ লাখ টাকা পর্যন্ত ফেরত দেওয়া হয়। পরবদর্তী প্রতি তিন মাসে এক লাখ টাকা করে ফেরত দেওয়া হচ্ছে। এছাড়া মেয়াদি আমানতের মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে গ্রাহকের আস্থা ফেরাতে এখন ব্যক্তি আমানতকারীর পুরো অর্থ ফেরতের উদ্যোগ নেওয়া হয়েছে। অবশ্য কেউ মেয়াদি আমানতের পুরোটা একবারে তুলতে চাইলে কেবল আসল অর্থ ফেরত পাবেন। কোনো মুনাফা দেওয়া হবে না। পরবর্তীতেও তিনি মুনাফা দাবি করতে পারবেন না।

আরও পড়ুন

×