হাইটেক পার্কের শিল্পপ্রতিষ্ঠানের বিদেশি অর্থ পরিশোধে ছাড়
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৫:৪৭
হাইটেক পার্কে (এইচটিপি) পরিচালিত শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিদেশে অর্থ পরিশোধের ক্ষেত্রে নতুন সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন নির্ধারিত সীমার মধ্যে রয়্যালটি, টেকনিক্যাল নলেজ ও কারিগরি সহায়তা ফি বাবদ বিদেশে অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের (বিএইচটিপিএ) পূর্বানুমোদন নিতে হবে না।
বৃহস্পতিবার জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো নির্ধারিত সীমার মধ্যে এসব অর্থ পরিশোধের জন্য সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের হয়ে বৈদেশিক রেমিট্যান্সের ব্যবস্থা করতে পারবে।
নতুন ব্যবস্থায় শিল্পপ্রতিষ্ঠানগুলোর টাকা হিসাব থেকে অর্থ পরিশোধের পাশাপাশি আগে অনুমোদিত বৈদেশিক মুদ্রা হিসাব ব্যবহারের সুযোগও বহাল থাকবে। তবে রেমিট্যান্স পাঠানোর আগে সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক মুদ্রায় কোনো আয় নেই, এ বিষয়টি এডি ব্যাংককে নিশ্চিত হতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, হাইটেক পার্কের শিল্পপ্রতিষ্ঠানগুলোর বৈদেশিক অর্থ পরিশোধের প্রক্রিয়া সহজ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে নির্ধারিত সীমার বেশি রয়্যালটি, টেকনিক্যাল নলেজ ও কারিগরি সহায়তা ফি বিদেশে পাঠাতে হলে বিএইচটিপিএর পূর্বানুমোদন নিতে হবে। এ ছাড়া অন্যান্য অনুরূপ ব্যয়ের ক্ষেত্রে বিদেশে অর্থ পাঠানোর প্রয়োজন হলে অর্থের পরিমাণ বিবেচনা না করে বিএইচটিপিএর নির্দিষ্ট অনুমোদন নিতে হবে।
বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে হাইটেক পার্কের শিল্পপ্রতিষ্ঠানগুলো বিদেশি চুক্তির আওতায় বিভিন্ন ফি ও পরিচালনাগত ব্যয় পরিশোধে আগের তুলনায় সহজে বৈদেশিক রেমিট্যান্স পাঠাতে পারবে।
- বিষয় :
- শিল্প প্রতিষ্ঠান
- অর্থ বিল
- ছাড়