গুলশান মডেল স্কুলে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ২১:২৯
শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা ও আর্থিক সচেতনতা বাড়াতে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে স্টুডেন্ট ব্যাংকিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার এনসিসি ব্যাংক পিএলসির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনসিসি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোরশেদ খলিলি। এ ছাড়া ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মো. আনিসুর রহমান মজুমদার, বারিধারা শাখার শাখাপ্রধান ইঞ্জিনিয়ার হুমায়ারা আক্তার এবং এনসিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং, গুলশান শাখার শাখাপ্রধান মো. কামরুল রশিদ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মোরশেদ খলিলি বলেন, শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। তিনি গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের ব্যাংকিং বিষয়ে আগ্রহের প্রশংসা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ইসরাত জাহান। তিনি নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, ছোট ছোট সঞ্চয় ভবিষ্যতে গুরুত্বপূর্ণ সময়ে কাজে লাগে। তাই শিক্ষার্থীদের নিয়মিত সঞ্চয় ও সুশৃঙ্খলভাবে অর্থ ব্যবস্থাপনার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান তিনি। স্টুডেন্ট ব্যাংকিং কার্যক্রম গ্রহণ করায় এনসিসি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান ইসরাত জাহান।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুবেল মাহমুদ বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে আর্থিকভাবে সচেতন করে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। তিনি সঞ্চয়ের দীর্ঘমেয়াদি সুফল সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী অনুষ্ঠানে শিক্ষার্থীরা স্টুডেন্ট ব্যাংকিং হিসাব খোলার কার্যক্রমে অংশ নেয়। এ সময় এনসিসি ব্যাংকের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে বাস্তব ধারণা নেওয়ার সুযোগ পায়।
অনুষ্ঠান শেষে এনসিসি ব্যাংকের পক্ষ থেকে গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজকে একটি ওয়াটার পিউরিফায়ার উপহার দেওয়া হয়। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও বিদ্যালয় কর্তৃপক্ষের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের আর্থিক সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরির বিষয়টিও কর্মসূচির অংশ ছিল। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- স্টুডেন্ট অ্যাকাউন্ট
- এনসিসি ব্যাংক