ইসলামী ব্যাংকে এস আলমের শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের
২৪ কোম্পানির ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধ
লোগো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬ | ২৩:২৭
ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ (অবরুদ্ধ) করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি লুৎফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত সপ্তাহে এ আদেশ দেন।
আজ শুক্রবার আইনজীবী শিশির মনির সাংবাদিকদের বলেন, গতকাল বৃহস্পতিবার আদেশটির লিখিত অনুলিপি প্রকাশিত হয়েছে।
রিটে বলা হয়, আইন অনুযায়ী একই গ্রুপ বা পরিবারের হাতে একটি ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার থাকার সুযোগ নেই। তবে ইসলামী ব্যাংকে এস আলম-সংশ্লিষ্ট ২৪টি কোম্পানি প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার হিসেবে যুক্ত হয়ে মোট ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ধারণ করছে।
রিটে অভিযোগ করা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ১৪ক ও ১৪খ ধারা লঙ্ঘন করে ২৪টি কোম্পানির মাধ্যমে ইসলামী ব্যাংকের ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার কেন্দ্রীভূত করা হয়েছে।
এর আগে গত বছর ইসলামী ব্যাংকের এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার, পরিচালক ও ব্যক্তিবিশেষের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। একই সঙ্গে সংশ্লিষ্ট শেয়ারহোল্ডার ও পরিচালকদের আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগেও নিষেধাজ্ঞা দেওয়া হয়।