ইউসিএসআই ইউনিভার্সিটিতে নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
ছবি: সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ২১:২৯
ইউসিএসআই ইউনিভার্সিটির বাংলাদেশ ক্যাম্পাসে সেপ্টেম্বর ২০২৬ সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের হলরুমে দুই পর্বে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নতুন শিক্ষার্থী, অভিভাবক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন। বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে নতুন শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করানো হয়।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসের প্রো-ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ কুশাইরি বিন মুহাম্মদ রাজুদ্দিন এবং ভাইস প্রেসিডেন্ট (একাডেমিক) অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক।
নতুন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন ফ্যাকাল্টি অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডিজিটাল ইনোভেশনের ডিন অধ্যাপক সৈয়দ আখতার হোসেন, ফ্যাকাল্টি অব এফবিএমের ডিন মোহাম্মদ জে মুনির এবং ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্স অ্যান্ড লিবারেল আর্টসের ডিন ড. জোহা রহমান।
অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. শাহ সামিউর রশিদ। অভিভাবকদের উদ্দেশে বক্তব্য দেন প্রভোস্ট মেজর সুমন সুবহান (অব.)। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের দুই জ্যেষ্ঠ শিক্ষার্থী নোরা সাবরিন রাহা ও আবিদা আফসারা গোলন্দাজ।
অধ্যাপক মুহাম্মদ কুশাইরি বলেন, ইউসিএসআই ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে শিক্ষার্থী ও তাদের অভিভাবকেরা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্বমানের একটি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার যাত্রা শুরু করার মধ্য দিয়ে শিক্ষার্থীদের নিজেদের, পরিবার এবং দেশ ও জাতির প্রত্যাশা পূরণে ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়েছে।
অধ্যাপক ড. এইচ এম জহিরুল হক বলেন, ইউসিএসআই ইউনিভার্সিটির প্রধান বৈশিষ্ট্য এর শিক্ষার মান, কর্মমুখী ও শিল্প-সংশ্লিষ্ট কারিকুলাম। তোমাদের স্বপ্ন পূরণের যাত্রা শুরু হলো এমন একটি ইউনিভার্সিটির সাথে যেটা কেবল মালয়েশিয়ার নয়, বিশ্বেও অন্যতম সেরা প্রতিষ্ঠান।
ওরিয়েন্টেশনের পর সংশ্লিষ্ট শিক্ষকরা নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের পরিচিতি, কারিকুলাম ও কোর্স, পাঠদান পদ্ধতি, পরীক্ষা এবং সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানান। পরে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তাঁরা শ্রেণিকক্ষ, সেমিনার কক্ষ, বিভিন্ন ল্যাব, লাইব্রেরি ও স্পোর্টস জোন পরিদর্শন করেন।
ইউসিএসআই ইউনিভার্সিটি মালয়েশিয়াভিত্তিক একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ ক্যাম্পাসে শিক্ষার্থীরা দেশের মাটিতে থেকে বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন আন্তর্জাতিক মানের প্রোগ্রামে পড়াশোনার সুযোগ পাচ্ছেন।
- বিষয় :
- বেসরকারি বিশ্ববিদ্যালয়
- ওরিয়েন্টেশন