ঢাকা রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

পোশাক শ্রমিকদের সর্বজনীন পেনশনে যুক্ত করার উদ্যোগ

পোশাক শ্রমিকদের  সর্বজনীন পেনশনে  যুক্ত করার উদ্যোগ
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৪৮

| প্রিন্ট সংস্করণ

তৈরি পোশাক খাতের প্রায় ৫০ লাখ শ্রমিককে দ্রুত সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার উদ্যোগ নিতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পেনশন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. মো. সুরাতুজ্জামান। তিনি বলেছেন, বাংলাদেশ শ্রম আইনের সর্বশেষ সংশোধনী অনুযায়ী, ১০০ জনের বেশি শ্রমিক রয়েছে এমন শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার বাধ্যবাধকতা রয়েছে। 

গতকাল শনিবার রাজধানীর বিজিএমইএ কমপ্লেক্সে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্য ও অংশীজন নিয়ে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে যা জানানো হয়। 

সভাপতিতের বক্তব্যে ড. মো. সুরাতুজ্জামান বলেন, দেশের মানুষের ভবিষ্যৎ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বজনীন পেনশন ব্যবস্থা চালু করেছে। বার্ধক্যে নাগরিকদের আর্থিক সুরক্ষার একটি বড় অবলম্বন হয়ে উঠবে এ ব্যবস্থা। পেনশন স্কিমের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে সরকার এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে ইতোমধ্যে প্রায় ১০ কোটি ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। 
প্রধান অতিথির বক্তব্যে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, পোশাক খাতের সব শ্রমিককে দ্রুততম সময়ে সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিতে হবে। সর্বজনীন পেনশন কর্মসূচিকে শ্রমিকদের কাছে আরও জনপ্রিয় ও আকর্ষণীয় করতে প্রথম দুই বছরের জন্য বিশেষ সরকারি প্রণোদনা দেওয়া যেতে পারে। পাশাপাশি পোশাক শ্রমিকদের ক্ষেত্রে পেনশন পাওয়ার বয়সসীমা ৬০ বছরের পরিবর্তে ৫৫ বছর নির্ধারণের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। 

বিজিএমইএর সিনিয়র সহসভাপতি ইনামুল হক খান বলেন, তৈরি পোশাক খাতের প্রায় ৫০ লাখ শ্রমিককে সর্বজনীন পেনশন স্কিমে অন্তর্ভুক্ত করা এবং পরবর্তী সময়ে এর ধারাবাহিক ব্যবস্থাপনা বজায় রাখা কিছুটা চ্যালেঞ্জিং হবে। তবে চ্যালেঞ্জ থাকলেও সরকারের সর্বজনীন পেনশন স্কিম চালুর উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী, যুগান্তকারী ও প্রশংসনীয়।
সহসভাপতি মো. রেজোয়ান সেলিম বলেন, সর্বজনীন পেনশন স্কিমের আকর্ষণীয় ‘রেট অব রিটার্ন’ বা মুনাফার হার বিবেচনায় নিলে পোশাক শ্রমিকদের দীর্ঘমেয়াদি আর্থিক সুরক্ষায় অনন্য ভূমিকা রাখতে পারে। 

আরও পড়ুন

×