সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়া থেকে বিনিয়োগ পেল অলীন
শিল্প ও বাণিজ্য ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৫৩
| প্রিন্ট সংস্করণ
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এন্টারপ্রাইজ প্রযুক্তি প্রতিষ্ঠান অলীন সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াভিত্তিক বিনিয়োগকারীদের কাছ থেকে একটি অ্যাঞ্জেল বিনিয়োগ সংগ্রহ করেছে। এই বিনিয়োগ প্রতিষ্ঠানটির সম্প্রসারণে সহায়ক হবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অলীন ব্যবসার গ্রাহক সম্পৃক্ততা ও পরিচালন দক্ষতা উন্নত করতে বাস্তবসম্মত প্রযুক্তি সমাধান তৈরি করে। প্রতিষ্ঠানটির পণ্যসম্ভারের মধ্যে রয়েছে ওমনিচ্যানেল কাস্টমার এক্সপেরিয়েন্স প্ল্যাটফর্ম, এআইচালিত চ্যাটবট, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট এবং এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সমাধান। সম্প্রতি অলীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘আইডিয়া’ প্রকল্পের আওতায় প্রি-সিড গ্র্যান্টের জন্যও নির্বাচিত হয়েছে।
অলীন-এর ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা মো. জিয়াউল হক ভূঁইয়া বলেন, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়ার অ্যাঞ্জেল বিনিয়োগকারীদের সমর্থন আমাদের ভিশন ও সক্ষমতার প্রতি শক্তিশালী আস্থার প্রতিফলন। আমরা এমন এআই সমাধান তৈরি করছি, যা ব্যবসার বাস্তব সমস্যা সমাধান করে, দক্ষতা বাড়ায় এবং গ্রাহক অভিজ্ঞতাকে আরও উন্নত করে। এই বিনিয়োগ আমাদের পণ্যকে আরও শক্তিশালী করতে এবং আন্তর্জাতিক পরিসরে দ্রুত এগিয়ে যেতে সহায়তা করবে।
বিশিষ্ট ব্যাংকার এবং অলীন-এর বিনিয়োগকারী মামুন রশীদ বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা এখন ব্যবসার উৎপাদনশীলতা, গ্রাহক অভিজ্ঞতা ও সিদ্ধান্ত গ্রহণের ধরন দ্রুত বদলে দিচ্ছে। অলীন যে সমস্যাভিত্তিক ও ব্যবহারযোগ্য এন্টারপ্রাইজ প্রযুক্তি তৈরি করছে, তাতে আন্তর্জাতিক বাজারে বড় হওয়ার বাস্তব সম্ভাবনা রয়েছে।’
- বিষয় :
- বিনিয়োগ