ঢাকা রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

পাচার করা সম্পদ থেকে কর আদায়ে করণীয় নির্ধারণে ৭ সদস্যের কমিটি

পাচার করা সম্পদ থেকে কর আদায়ে করণীয় নির্ধারণে ৭ সদস্যের কমিটি
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ২১:২৭

বিদেশে পাচার করা সম্পদের মধ্যে আদালত কর্তৃক অবরুদ্ধ (ফ্রিজ) বা সংযুক্ত (অ্যাটাচমেন্ট) হিসাব থেকে সরকারের শুল্ক ও কর আদায়ে করণীয় নির্ধারণে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখা থেকে আজ রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। কমিটিকে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ও অন্যান্য পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে করণীয় নির্ধারণ এবং কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ দিতে বলা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির আহ্বায়ক করা হয়েছে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে। সদস্য হিসেবে রয়েছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংক অনুবিভাগের অতিরিক্ত সচিব, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (মানিলন্ডারিং), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান কর্মকর্তা, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের (সিআইসি) মহাপরিচালক এবং বাংলাদেশ পুলিশের সিআইডির অর্গানাইজড ক্রাইম শাখার ডিআইজি।

এ ছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) মহাপরিচালককে কমিটির সদস্য সচিব করা হয়েছে।

কমিটির কর্মপরিধিতে বলা হয়েছে, বিদেশে পাচার করা সম্পদের মধ্যে আদালতের আদেশে অবরুদ্ধ (ফ্রিজ) বা সংযুক্ত (অ্যাটাচমেন্ট) হিসাব থেকে সরকারের শুল্ক ও কর আদায়ের ক্ষেত্রে আইনি ও অন্যান্য পদক্ষেপ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য করণীয় নির্ধারণ করতে হবে। পাশাপাশি কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে প্রয়োজনীয় সুপারিশমালা প্রণয়ন করবে কমিটি।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবা এতে সই করেছেন।

আরও পড়ুন

×