পটুয়াখালী তাপ বিদ্যুৎকেন্দ্র
ঋণের কিস্তি বাবদ ১৩৭০ কোটি টাকা দিয়েছে বিপিডিবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:১২
| প্রিন্ট সংস্করণ
পটুয়াখালী এক হাজার ৩২০ মেগাওয়াট কয়লাচালিত তাপ বিদ্যুৎকেন্দ্রের ঋণের দ্বিতীয় কিস্তির মূলধন ও সুদ বাবদ চলতি সেপ্টেম্বরের ৩০ তারিখে প্রায় ১৩ কোটি ৬০ লাখ ডলার পরিশোধ করতে হবে। স্থানীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় এক হাজার ৭০০ কোটি টাকা। ঋণদাতা চায়না এক্সিম ব্যাংককে এ অর্থ দিতে বিদ্যুতের বিল বাবদ গত আগস্ট ও চলতি সেপ্টেম্বরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আরপসিএল-নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার লিমিটেডকে (আরএনপিএল) প্রায় ১ হাজার ৩৭০ কোটি টাকা পরিশোধ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। অবশিষ্ট অর্থও নির্ধারিত সময়ের আগেই চলতি মাসে পরিশোধ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, দ্বিতীয় কিস্তির ঋণ পরিশোধে গত আগস্টে আরপিসিএলকে ৬৭০ কোটি টাকা দিয়েছে বিপিডিবি। চলতি সেপ্টেম্বরেও আরও ৭০০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। অবশিষ্ট অর্থ সেপ্টেম্বরের মধ্যেই পরিশোধ করা হবে। ফলে বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধে কোনো সমস্যা হবে না।
নির্ধারিত সময়ের মধ্যে দ্বিতীয় কিস্তির অর্থ পরিশোধ নিশ্চিত করার তাগিদ দিয়ে সম্প্রতি চিঠি দিয়েছে প্রকল্পটির ঋণদাতা চায়না এক্সিম ব্যাংক। ঋণের কিস্তি যথাসময়ে পরিশোধের পাশাপাশি বিদ্যুৎকেন্দ্রটির নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করা, বিপিডিবির কাছে থাকা বকেয়া বিল আদায় এবং ঋণের অর্থ ডলারে রূপান্তর করে বিদেশে পাঠানোর ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগের পরামর্শ দিয়েছে ঋণদাতা প্রতিষ্ঠান।
- বিষয় :
- বিদ্যুৎকেন্দ্র