কর্মীদের স্বাস্থ্যসেবায় আকিজ ভেঞ্চার ও আলাদিন’স জেনারেল হাসপাতালের চুক্তি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ০৫:১১
কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আকিজ ভেঞ্চার লিমিটেড ও আলাদিন’স জেনারেল হাসপাতাল, ধামরাইয়ের মধ্যে একটি স্বাস্থ্যসেবা চুক্তি হয়েছে।
বৃহস্পতিবার ধামরাইয়ের বারোবাড়িয়ায় আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। আকিজ ভেঞ্চার গ্রুপের পক্ষে হেড অব অ্যাডমিন মো. দ্বীপরাজ খান এবং আলাদিন’স জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মাহজাবিন প্রিয়াংকা চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে কারখানার ফ্যাক্টরি ম্যানেজমেন্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় আকিজ ভেঞ্চারের সংশ্লিষ্ট কর্মী ও তাঁদের যোগ্য পরিবারের সদস্যরা কোম্পানির মেডিকেল কর্মকর্তার স্বাক্ষরিত পত্র বা প্রেসক্রিপশন দেখিয়ে হাসপাতালে অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিক চিকিৎসা নিতে পারবেন। এ ছাড়া কারখানার শ্রমিকদের চিকিৎসাসেবায় হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দেবে।
আলাদিন’স জেনারেল হাসপাতালটি কারখানা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। হাসপাতালটিতে ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা চালু থাকায় বিভিন্ন শিফটে কর্মরত শ্রমিকেরা জরুরি প্রয়োজনে দ্রুত চিকিৎসা নেওয়ার সুযোগ পাবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
আকিজ ভেঞ্চার ও হাসপাতাল কর্তৃপক্ষের আশা, এ চুক্তির ফলে কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের জন্য সহজে চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ তৈরি হবে। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- চুক্তি সই