ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা

সরকারি অর্থায়নে সর্বোচ্চ ৭৫ লাখ টাকার ইলেকট্রিক জিপ কেনা যাবে

সরকারি অর্থায়নে সর্বোচ্চ ৭৫ লাখ টাকার ইলেকট্রিক জিপ কেনা যাবে
×

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:১২

সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত ও পাবলিক সেক্টর করপোরেশনে কর্মরত কর্মকর্তাদের জন্য সরকারি অর্থায়নে সর্বোচ্চ ৭৫ লাখ টাকা মূল্যের ফুল ইলেকট্রিক ভেহিক্যাল (এফইভি) জিপ কেনা যাবে। সরকারের জাতীয় বেতন স্কেলের গ্রেড-২ বা এর ওপরের লেভেলের কর্মকর্তারা রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ সর্বোচ্চ এই দামের গাড়ি ব্যবহার করতে পারবেন।

সম্প্রতি কোন গ্রেডের কর্মকর্তারা কত দামের ইভি ব্যবহার করতে পারবেন, তা উল্লেখ করে নির্দেশনা জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

এতে গ্রেডভেদে কর্মকর্তাদের জন্য গাড়ির তিনটি ধরন ও মূল্য নির্ধারণ করা হয়েছে। জিপ ও কার কেনার অনুমোদন দেওয়ার ক্ষেত্রে এই মূল্যসীমা অনুসরণ করতে বলা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, গ্রেড-৩ বা এর নিচের গ্রেডের কর্মকর্তাদের জন্য প্রতিটি জিপ গাড়ির সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৫ লাখ টাকা। উপসচিব থেকে অতিরিক্ত সচিব পর্যন্ত বা সমমানের পদে কর্মরতরা সরকার থেকে গাড়ি সুবিধা পান। তাদের মধ্যে যারা সরকার থেকে সুদমুক্ত ঋণ নিয়ে গাড়ি নেননি, তাদের জন্য সরকার থেকে গাড়ি সুবিধা দেওয়া হয়।

চলতি অর্থবছরের বাজেটে সরকারি অর্থায়নে কর্মকর্তাদের জন্য ইভি কেনা বাধ্যতামূলক করা হয়েছে। পরিবেশ ও জ্বালানি সাশ্রয়ের কথা বিবেচনায় নিয়ে সরকার ইভি আমদানির শুল্ক-করও কমিয়েছে।

রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ ৭৫ লাখ টাকা মূল্যের এফইভির মোটর পাওয়ার হবে কমপক্ষে ২০০ কিলোওয়াট। ব্যাটারি ক্যাপাসিটি কমপক্ষে ৫৫ কিলোওয়াট-ঘণ্টা এবং রেঞ্জ হবে কমপক্ষে ৪৩০ কিলোমিটার। এছাড়া ৮ বছরের ব্যাটারি ওয়ারেন্টিসহ চার্জিং (ডিসি ফাস্ট) কমপক্ষে ৮০ কিলোওয়াট হতে হবে।

অন্যদিকে, রেজিস্ট্রেশন, ভ্যাট ও ট্যাক্সসহ ৫৫ লাখ টাকা মূল্যের এফইভির মোটর পাওয়ার হবে কমপক্ষে ১৫০ কিলোওয়াট। এর ব্যাটারি ক্যাপাসিটি কমপক্ষে ৫৫ কিলোওয়াট-ঘণ্টা এবং রেঞ্জ হবে কমপক্ষে ৪০০ কিলোমিটার। এছাড়া ৮ বছরের ব্যাটারি ওয়ারেন্টিসহ চার্জিং (ডিসি ফাস্ট) কমপক্ষে ৮০ কিলোওয়াট হতে হবে।

আর কারের মোটর পাওয়ার হবে কমপক্ষে ৯৫ কিলোওয়াট, ব্যাটারি ক্যাপাসিটি কমপক্ষে ৫০ কিলোওয়াট-ঘণ্টা এবং রেঞ্জ হবে কমপক্ষে ৪০০ কিলোমিটার। এছাড়া ৮ বছরের ব্যাটারি ওয়ারেন্টিসহ চার্জিং (ডিসি ফাস্ট) কমপক্ষে ৮০ কিলোওয়াট হতে হবে।

আরও পড়ুন

×