ইনসুলিন উৎপাদন বাড়াতে ব্র্যাক ব্যাংকের অর্থায়ন
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:০৮
| প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ ও আন্তর্জাতিক বাজারে জীবন রক্ষাকারী ওষুধ ইনসুলিনের সরবরাহ বাড়াতে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে অর্থায়ন সুবিধা দিয়েছে ব্র্যাক ব্যাংক। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি ইনসুলিন উৎপাদন সক্ষমতা বাড়াবে।
ব্র্যাক ব্যাংক গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম এসকেএফ দীর্ঘদিন ডেনমার্কভিত্তিক বহুজাতিক ওষুধ কোম্পানি নভো নরডিক্সের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ইনসুলিন উৎপাদন করে আসছে। অংশীদারিত্বের আওতায় প্রতিষ্ঠানটি ভায়াল ও পেনফিল, উভয় ফরম্যাটে ইনসুলিন উৎপাদন করছে, যা ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের মানসম্মত ইনসুলিনপ্রাপ্তি নিশ্চিত করতে সহায়তা করছে।
বর্তমানে ব্যবসা সম্প্রসারণ কার্যক্রমের অংশ হিসেবে এসকেএফ তৃতীয় ইনসুলিন ভায়াল উৎপাদন লাইন স্থাপন করছে। এর ফলে প্রতিষ্ঠানটির উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে, যা দেশ ও বিদেশে ক্রমবর্ধমান চাহিদা পূরণে সহায়ক হবে। প্রতিষ্ঠানকে দেওয়া ব্র্যাক ব্যাংকের অর্থায়ন সুবিধা বাংলাদেশের ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্য উৎপাদন খাতে কৌশলগত বিনিয়োগে ব্যাংকটির ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রতিফলন।
এর ফলে জীবন রক্ষাকারী ওষুধ ইনসুলিন সরবরাহ বাড়ার পাশাপাশি দেশের উৎপাদন সক্ষমতা আরও শক্তিশালী হবে। এ উদ্যোগ স্থানীয় উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আমদানি-নির্ভরতা কমাতে এবং ওষুধ উৎপাদন ও রপ্তানির কেন্দ্র হিসেবে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে।
ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘বাংলাদেশে ইনসুলিনের উৎপাদন বাড়ানো মানে মানুষের প্রতিদিনের প্রয়োজনীয় ওষুধের ক্ষেত্রে নিজস্ব সক্ষমতা তৈরি করা। এসকেএফের উৎপাদন বৃদ্ধিতে অর্থায়ন করার মাধ্যমে আমরা যেমন দেশের স্বাস্থ্য খাতকে আরও সমৃদ্ধ ও স্বাবলম্বী করে তুলছি, তেমনি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উৎপাদন শিল্পকে এগিয়ে নিতে সাহায্য করছি।’
ব্র্যাক ব্যাংকের হোলসেল ব্যাংকিং পোর্টফোলিও তৈরি পোশাক, বস্ত্র, ওষুধ, নির্মাণ, বিদ্যুৎ, জ্বালানি অবকাঠামোসহ বিভিন্ন উৎপাদন শিল্পে বিস্তৃত। উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, সরবরাহ ব্যবস্থা শক্তিশালীকরণ এবং দেশের শিল্প খাতের প্রবৃদ্ধিতে সহায়ক প্রকল্পগুলোতে ব্যাংকটি অর্থায়ন সুবিধা বাড়িয়ে যাচ্ছে।
- বিষয় :
- ব্র্যাক ব্যাংক