এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডে আবেদনের সময় বাড়ল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:১৫
রপ্তানিকারকদের আবেদনের সুযোগ বাড়াতে ‘এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’-এর মনোনয়ন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে এইচএসবিসি বাংলাদেশ। নতুন সময় অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। এর আগে আবেদনের শেষ সময় ছিল ২০ সেপ্টেম্বর।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এইচএসবিসি বাংলাদেশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদান রাখা রপ্তানিকারকদের স্বীকৃতি দিতে এ পুরস্কারের আয়োজন করা হচ্ছে। বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী সব প্রতিষ্ঠান ও উদ্যোক্তা এতে অংশ নিতে পারবেন। অংশগ্রহণের জন্য এইচএসবিসির গ্রাহক হওয়া বাধ্যতামূলক নয়। মনোনয়ন জমা দিতে কোনো ফিও দিতে হবে না।
‘এক্সপোর্টার অব দ্য ইয়ার’ বা বছরের সেরা রপ্তানিকারক নির্বাচনে চারটি শ্রেণিতে মনোনয়ন নেওয়া হচ্ছে। এগুলো হলো—রেডিমেড গার্মেন্টস, রেডিমেড গার্মেন্টস ব্যাকওয়ার্ড লিংকেজ, নন-ট্র্যাডিশনাল অ্যান্ড ইমার্জিং সেক্টরস–ম্যানুফ্যাকচারিং এবং নন-ট্র্যাডিশনাল অ্যান্ড ইমার্জিং সেক্টরস–সার্ভিস।
রেডিমেড গার্মেন্টস শ্রেণিতে বছরে অন্তত ১০ কোটি ডলারের রপ্তানি আয় থাকা প্রতিষ্ঠান অংশ নিতে পারবে। রেডিমেড গার্মেন্টস ব্যাকওয়ার্ড লিংকেজ শ্রেণিতে ন্যূনতম ৫ কোটি ডলারের রপ্তানি আয় থাকতে হবে। এ শ্রেণিতে পোশাক ও অন্যান্য উৎপাদন খাতকে সহায়তা করে এমন পণ্য অন্তর্ভুক্ত হবে।
নন-ট্র্যাডিশনাল অ্যান্ড ইমার্জিং সেক্টরস–ম্যানুফ্যাকচারিং শ্রেণিতে বছরে অন্তত ১ কোটি ডলারের রপ্তানি আয় থাকা প্রতিষ্ঠান আবেদন করতে পারবে। এ শ্রেণিতে ইলেকট্রনিকস, লাইট ইঞ্জিনিয়ারিং, প্লাস্টিক, আসবাব, জুতা, চামড়াজাত পণ্য, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও অটোমোটিভ যন্ত্রাংশসহ বিভিন্ন খাত রয়েছে।
সেবা শ্রেণিতে বছরে অন্তত ৫০ লাখ ডলারের রপ্তানি আয় থাকা প্রতিষ্ঠান আবেদন করতে পারবে। এ শ্রেণিতে পেশাদারি, ডিজিটাল ও জ্ঞানভিত্তিক সেবা অন্তর্ভুক্ত রয়েছে।
- বিষয় :
- রপ্তানিকারক
- মনোনয়নপত্র জমা
- এইচএসবিসি