ঢাকা রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক

সিগারেট-ওষুধ-মোবাইলসহ ১১ খাতে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৪৫

সিগারেট, ওষুধ, মোবাইল ফোন ও ব্যাংকিংসহ ১১টি খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার এনবিআরের ভ্যাট অনুবিভাগ থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা খাতগুলো হলো– সিগারেট, মোবাইল ফোন, এমএস পণ্য, ওষুধ, পানীয়, সিমেন্ট, টাইলস, রং ও বার্নিশ, বীমা, ব্যাংকিং ও নন-ব্যাংকিং সেবা এবং মোবাইল ব্যাংকিং সেবা।

এনবিআরের আদেশে বলা হয়েছে, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা ৬৪-এর উপধারা (৫) এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬-এর বিধি ১১৮(ক)-এ প্রদত্ত ক্ষমতাবলে এসব খাতের পণ্য উৎপাদনকারী এবং সেবা খাতের সরবরাহকারীদের জন্য এনবিআরের ই-ভ্যাট পোর্টালের মাধ্যমে অনলাইনে দাখিলপত্র দেওয়া বাধ্যতামূলক করা হলো।

কোনো নিবন্ধিত ব্যক্তি এসব পণ্য বা সেবার পাশাপাশি অন্য কোনো পণ্য বা সেবা সরবরাহের কার্যক্রমের সঙ্গেও জড়িত থাকলে তার ক্ষেত্রেও এ আদেশ প্রযোজ্য হবে বলে জানিয়েছে এনবিআর।

আদেশে আরও বলা হয়, অনলাইনে দাখিলপত্র পেশ বাধ্যতামূলক-সংক্রান্ত ইতোপূর্বে জারি করা কোনো আদেশ থাকলে এ আদেশ জারির পর সেগুলো বাতিল বলে গণ্য হবে। এ ছাড়া আদেশে বর্ণিত খাতের তালিকায় প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় সংযোজন বা বিয়োজন করতে পারবে এনবিআর।

আরও পড়ুন

×