জ্বালানি তেল কিনতে বিপিসিকে ৪৫০০ কোটি টাকা ঋণ দিল সরকার
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ২১:০৪
জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) ৪ হাজার ৫০০ কোটি টাকা সুদমুক্ত ঋণ দিয়েছে সরকার। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের সরবরাহ অব্যাহত রাখতে এ অর্থ দেওয়া হয়েছে।
মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এ-সংক্রান্ত মঞ্জুরি আদেশ জারি করেছে।
মঞ্জুরি আদেশে বলা হয়েছে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অর্থ বিভাগের অধীন ‘পরিচালন ঋণ’ খাতে বরাদ্দ করা অর্থ থেকে ৪ হাজার ৫০০ কোটি টাকা বিপিসির অনুকূলে সুদমুক্ত ঋণ হিসেবে দেওয়া হবে। এ অর্থ ব্যবহারের জন্য জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবালয়ের ডিডিওর অনুকূলে অথরিটি দেওয়া হয়েছে।
ঋণের অর্থ আগামী পাঁচ বছরে পরিশোধ করতে হবে। এর মধ্যে ছয় মাস গ্রেস পিরিয়ড থাকবে এবং এরপর ষাণ্মাসিক কিস্তিতে ঋণের অর্থ পরিশোধ করতে হবে। এ ঋণের বিপরীতে অর্থ বিভাগের সঙ্গে বিপিসিকে একটি ঋণ চুক্তি করতে হবে।
আদেশে আরও বলা হয়েছে, ঋণের অর্থ অনুমোদিত ব্যয় খাত ছাড়া অন্য কোনো খাত বা উদ্দেশ্যে ব্যয় করা যাবে না। একই সঙ্গে অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারি সব আর্থিক বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। বিশেষ করে সরকারি ক্রয় আইন (পিপিএ), ২০০৬ এবং সরকারি ক্রয় বিধিমালা (পিপিআর), ২০২৫ অনুসরণ করতে হবে।
- বিষয় :
- জ্বালানি তেল
- বিপিসি
- ঋণ