বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে বাদ সালমান এফ রহমান
সালমান এফ রহমান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ১১:৪৫
| প্রিন্ট সংস্করণ
শেয়ারহোল্ডার পরিচালক হিসেবে আহমেদ সোহেল ফসিহুর রহমানকে (এএসএফ রহমান) বহাল রেখে বেক্সিমকো ফার্মার পরিচালনা পর্ষদ পুনর্গঠনে অনাপত্তি দিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। অনাপত্তিতে আরও দুই শেয়ারহোল্ডারের নাম থাকলেও সালমান এফ রহমানের নাম নেই।
গত মঙ্গলবার কমিশন সভায় এ অনাপত্তি প্রদানের সিদ্ধান্ত হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসি এ তথ্য জানিয়েছে। এএসএফ রহমান সম্পর্কে সালমান এফ রহমানের ভাই। ১৯৭২ সালে প্রতিষ্ঠার পর দুই ভাই কোম্পানিটি চালিয়ে আসছিলেন। এএসএফ রহমান ছিলেন চেয়ারম্যান এবং সালমান এফ রহমান ছিলেন ভাইস চেয়ারম্যান।
সালমান এফ রহমান শেখ হাসিনা সরকারের সময় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ সংস্থা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানের পর গ্রেপ্তার হয়ে সালমান এফ রহমান এখন কয়েকটি মামলার আসামি হিসেবে কারারুদ্ধ আছেন।
বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, আরও দুই যে শেয়ারহোল্ডার পরিচালককে রেখে পর্ষদ গঠনের অনাপত্তি দিয়েছে, তারা হলেন– ওসমান কায়সার চৌধুরী এবং ইকবাল আহমেদ। পর্ষদের বাকি সদস্যদের মধ্যে থাকবেন চারজন নতুন নিয়োগ করা পরিচালক। একজনকে মনোনীত করবে আইএফআইসি ব্যাংক। এ ছাড়া নতুন করে একজন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ করা হবে। তিনিও এক্স-অফিসিও হিসেবে পর্ষদ সদস্য হবেন।
২০২৪ সালের ৩১ ডিসেম্বর বেক্সিমকো গ্রুপের বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড এবং শাইনপুকুর সিরামিক্সের আগের পর্ষদ বাতিল করে স্বতন্ত্র পরিচালক নিয়োগ করে তৎকালীন বিএসইসি। এ সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে বেক্সিমকো ফার্মাসহ তিন কোম্পানি হাইকোর্টে রিট করে। প্রাথমিক শুনানি শেষে ২০২৫ সালের জানুয়ারিতে কেন বিএসইসির আদেশকে স্থগিত করার পাশাপাশি তা কেন অবৈধ ঘোষণা করা হবে না– এ মর্মে রুল দেন উচ্চ আদালত। বিএসইসি আপিল করলে আপিল আদালত হাইকোর্টের স্থগিতাদেশ প্রত্যাহার করে আদেশ দেন। একই সঙ্গে হাইকোর্টে মামলার নিষ্পত্তিরও আদেশ দিয়েছিলেন।
মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশন জানিয়েছে, এ বিষয়ে আদালতের মৌখিক নির্দেশনা পেয়ে কমিশনের প্যানেলভুক্ত আইনজীবী কমিশনকে চিঠি দিয়ে অভিহিত করে। বিনিয়োগকারীদের স্বার্থসহ সার্বিক বিবেচনায় বেক্সিমকো ফার্মার পক্ষ থেকে নতুন করে যে ৯ সদস্যের পর্ষদ গঠনের আবেদনের করেছে, সে বিষয়ে অনাপত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে চার দিন পতনের পর গতকাল বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট বেড়ে ৫৫৫০ পয়েন্টে উঠেছে। এর আগের চার দিনে সূচকটি প্রায় ৭২ পয়েন্ট হারিয়েছিল। ১৮১ কোম্পানির শেয়ারের দর বৃদ্ধির বিপরীতে ১১৬টির দর কমেছে, অপরিবর্তিত ছিল ৫৩টির দর।
- বিষয় :
- সালমান এফ রহমান