সামাজিক ব্যবসা করেই গ্রামীণের এত প্রতিষ্ঠান হয়েছে: ড. ইউনূস
ছবি- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬ | ২২:৪২
গ্রামীণ সামাজিক ব্যবসা করে। সে জন্যই গ্রামীণের এত প্রতিষ্ঠান হয়েছে বলে মন্তব্য করেছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সামাজিক ব্যবসার লক্ষ্য মুনাফা অর্জন নয়; মানুষের সমস্যা সমাধান করা। এ ধরনের ব্যবসা থেকে যে মুনাফা আসে, তা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে না দিয়ে নতুন সামাজিক ব্যবসা তৈরি ও বিদ্যমান উদ্যোগের সম্প্রসারণে ব্যবহার করা হয়।
বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘জিপেতেই সমাধান’ প্রতিপাদ্য নিয়ে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্ল্যাটফর্ম ‘জিপে’র উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জিপে আর্থিক লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও সবার জন্য সহজলভ্য করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে। প্ল্যাটফর্মের উদ্যোক্তাদের ভাষ্য, আর্থিক লেনদেনের বিভিন্ন জটিলতা কমিয়ে ব্যবহারকারীদের জন্য সহজবোধ্য সেবা নিশ্চিত করে প্রযুক্তির মাধ্যমে আরও বেশি মানুষের কাছে আর্থিক সেবা পৌঁছে দেওয়াই তাদের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানে জিপের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমদ আরমান সিদ্দিকী প্ল্যাটফর্মটির বিভিন্ন সুবিধা ও ফিচার তুলে ধরেন। তিনি বলেন, “আমাদের লক্ষ্য হলো সকলের জন্য লেনদেনের জটিলতা কমিয়ে লেনদেনকে সহজবোধ্য করে তোলা। আর্থিক যে কোনো জটিলতায় ‘জিপে-তেই সমাধান’ এনে দেওয়া আমাদের মূল প্রতিশ্রুতি।”
ড. ইউনূস বলেন, ‘জিপে’ একটি সামাজিক ব্যবসা। এখানে মুনাফা কোনো ব্যক্তি নেবেন না। কোম্পানি যে লাভ করবে, তা দিয়ে প্রতিষ্ঠানটির সম্প্রসারণ করা হবে এবং সামাজিক ব্যবসার মধ্যেই তা পুনর্বিনিয়োগ হবে। মানুষের প্রয়োজনকে সামনে রেখে প্রযুক্তির সেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। ডিজিটাল লেনদেনের সুবিধা তুলে ধরে তিনি বলেন, প্রযুক্তির ব্যবহারে মানুষকে নগদ অর্থ বহনের ঝুঁকি ও ভোগান্তি থেকে মুক্ত করা সম্ভব। সাধারণ মানুষের কাছে যে সেবা পৌঁছে দেওয়া যাবে, সেখানেই এ ধরনের উদ্যোগের সাফল্য নিহিত বলে মন্তব্য করেন তিনি।
গ্রামীণ ব্যাংকের শুরুর সময়ের অভিজ্ঞতা তুলে ধরে ড. ইউনূস বলেন, তখন বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে ঢাকার সঙ্গে এবং এক শাখার সঙ্গে অন্য শাখার যোগাযোগে নানা সমস্যা হতো। বর্তমানে মোবাইল ফোন ও ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ ব্যাংকের সদস্যদের জন্য বিভিন্ন সেবা আরও সহজে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। গ্রামীণফোনের শুরুর সময়ের কথাও স্মরণ করেন তিনি। তাঁর মতে, প্রযুক্তির সুবিধা শুধু শহরের মানুষের মধ্যে সীমাবদ্ধ না রেখে গ্রামীণ ও দরিদ্র জনগোষ্ঠীর কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নতুন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগ তৈরি করেছিল।
অনুষ্ঠানের শুরুতে সমাধান সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসান স্বাগত বক্তব্য দেন। পরে ড. মুহাম্মদ ইউনূস ও সমাধান সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা দলের উপস্থিতিতে জিপের উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, ব্যাংকিং ও আর্থিক খাতের প্রতিনিধি, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতাদের হাতে আনুষ্ঠানিকভাবে ‘টাকা পে’ কার্ড তুলে দেন ড. মুহাম্মদ ইউনূস।
- বিষয় :
- গ্রামীণ ব্যাংক
- ড. ইউনূস