ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

প্রি-শিপমেন্ট খাতে পুনঃঅর্থায়ন

তহবিলের আকারের সঙ্গে বাড়ল সুদহার

তহবিলের আকারের সঙ্গে বাড়ল সুদহার
×
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬ | ০৯:২৫ | আপডেট: ০২ অক্টোবর ২০২৬ | ১১:২৬

| প্রিন্ট সংস্করণ

রপ্তানির জন্য পণ্য জাহাজীকরণের বিভিন্ন খরচ মেটাতে প্রি-শিপমেন্ট খাতে কেন্দ্রীয় ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলের সুদহার বাড়িয়ে ৬ শতাংশ করল বাংলাদেশ ব্যাংক। এতদিন যা ৫ শতাংশ ছিল। একই সঙ্গে রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিল থেকে ২ হাজার কোটি টাকা স্থানান্তরের মাধ্যমে প্রি-শিপমেন্ট খাতে পুনঃঅর্থায়ন তহবিলের আকার বাড়িয়ে ৭ হাজার কোটি টাকা করা হয়েছে। ব্যবসায়ীদের চাহিদা বিবেচনায় এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত নির্দেশনা সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।

রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্য গঠিত ১০ হাজার কোটি টাকার রপ্তানি সহায়ক প্রাক-অর্থায়ন তহবিল (ইএফপিএফ) থেকে নতুন করে ২ হাজার কোটি টাকা স্থানান্তর করা হয়েছে। এর ফলে প্রি-শিপমেন্ট ক্রেডিট খাতের পুনঃঅর্থায়ন স্কিমের তহবিলের পরিমাণ বেড়েছে। এই স্কিমের আওতায় নতুন ঋণ সুবিধার ক্ষেত্রে সুদহারের কাঠামো পরিবর্তন করা হয়েছে। এখন থেকে গ্রাহক পর্যায়ে বা রপ্তানিকারকদের জন্য এই ঋণের সর্বোচ্চ সুদহার হবে ৬ শতাংশ। আর অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ৩ শতাংশ সুদে এই পুনঃঅর্থায়ন সুবিধা নিতে পারবে। আগে তারা তহবিল পেত ২ শতাংশ সুদে।

সার্কুলারে আরও বলা হয়েছে, কোনো অংশগ্রহণকারী ব্যাংক নির্ধারিত পরিশোধসূচি অনুযায়ী অর্থ পরিশোধে ব্যর্থ হলে সংশ্লিষ্ট সময়ের জন্য ওই ব্যাংকের ওপর ‘ব্যাংক রেট’ বা ব্যাংক হারে সুদ কার্যকর হবে। তবে ব্যাংকগুলো চাইলে মেয়াদের আগে সম্পূর্ণ অর্থ পরিশোধ বা আংশিক সমন্বয় করতে পারবে। অবিলম্বে এই নির্দেশনা কার্যকর করতে বলা হয়েছে।

আরও পড়ুন

×