তরুণদের চাকরি-দক্ষতা উন্নয়নে যৌথভাবে কাজ করবে সম্ভব ও আলফা স্টার ফাউন্ডেশন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬ | ২০:০৪
তরুণদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও ক্যারিয়ার বিকাশে যৌথভাবে কাজ করতে সম্ভব টেকনোলজিস লিমিটেড (সম্ভব জবস) এবং আলফা স্টার ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সোমবার ঢাকায় এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এর আওতায় তরুণদের জন্য চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ তৈরি, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও নেটওয়ার্কিং কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা করবে দুই প্রতিষ্ঠান।
সমঝোতা অনুযায়ী, আলফা স্টার ফাউন্ডেশনের যোগ্য প্রার্থীদের জন্য প্রাসঙ্গিক চাকরি ও ইন্টার্নশিপের সুযোগ তৈরিতে সহযোগিতা করবে সম্ভব জবস। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী উপযুক্ত ও যোগ্য প্রার্থী শনাক্ত ও রেফার করার ক্ষেত্রেও সহযোগিতা করা হবে।
অন্যদিকে আলফা স্টার ফাউন্ডেশন তার যুব ও কমিউনিটি নেটওয়ার্কের সদস্যদের সম্ভব জবসের মাধ্যমে প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও আত্মউন্নয়নমূলক বিভিন্ন সুযোগ সম্পর্কে অবহিত করবে। এসব সুযোগ তরুণদের কাছে কার্যকরভাবে পৌঁছে দিতে প্রয়োজনীয় উদ্যোগও নেবে প্রতিষ্ঠানটি।
দুই প্রতিষ্ঠান যৌথভাবে ক্যারিয়ার রেডিনেস, এমপ্লয়েবিলিটি ট্রেনিং ও দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করবে। এসব উদ্যোগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), গ্রাফিক ডিজাইন, বিক্রয়, যোগাযোগ দক্ষতা, ডিজিটাল দক্ষতা ও ক্যারিয়ার প্রস্তুতির মতো বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে সম্ভব জবসের পাটনারশিপ লিড সাগর খানালী বলেন, শুধু একাডেমিক সনদ অর্জন করলেই তরুণদের কর্মসংস্থান নিশ্চিত হয় না। এর পাশাপাশি প্রাসঙ্গিক দক্ষতা, বাস্তব কর্মক্ষেত্রের উপযোগী প্রস্তুতি এবং পেশাগত নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ প্রয়োজন।
তিনি বলেন, তরুণদের টেকসই কর্মসংস্থানের জন্য চাকরির সুযোগ তৈরির পাশাপাশি দক্ষতা উন্নয়ন, ক্যারিয়ার প্রস্তুতি এবং উপযুক্ত কর্মসংস্থান ও পেশাগত নেটওয়ার্কের সঙ্গে কার্যকরভাবে যুক্ত করা গুরুত্বপূর্ণ। আলফা স্টার ফাউন্ডেশনের সঙ্গে এই সহযোগিতা তরুণদের জন্য এমন একটি সমন্বিত সুযোগ তৈরিতে ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আলফা স্টার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. কামরুল হাসান বলেন, তরুণদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কার্যকর অংশীদারত্ব গুরুত্বপূর্ণ। সম্ভবের কর্মসংস্থান ও ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্ল্যাটফর্মের সঙ্গে এই সহযোগিতা তরুণদের বাস্তবমুখী দক্ষতা অর্জন ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে নতুন সুযোগ তৈরি করবে।
সমঝোতার আওতায় দুই প্রতিষ্ঠান যৌথভাবে সেমিনার, কর্মশালা, ক্যারিয়ার সেশন, সচেতনতামূলক প্রচারাভিযান, যুব উন্নয়ন কর্মসূচি ও নেটওয়ার্কিং কার্যক্রম আয়োজন করতে পারবে। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রকল্প ও উন্নয়নমূলক উদ্যোগে যৌথভাবে কাজ করার সম্ভাবনাও অনুসন্ধান করা হবে।
স্বাক্ষর অনুষ্ঠানে সম্ভব টেকনোলজিস লিমিটেড (সম্ভব জবস) এবং আলফা স্টার ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তরুণদের জন্য আরও কার্যকর কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন ও পেশাগত বিকাশের সুযোগ তৈরিতে ভবিষ্যতে সহযোগিতা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
দুই প্রতিষ্ঠানের এ অংশীদারত্বের ফলে তরুণদের চাকরি ও ইন্টার্নশিপের পাশাপাশি প্রশিক্ষণ, পেশাগত উন্নয়ন ও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- চাকরি
- দক্ষতা উন্নয়ন